সাত বছর পর ফিরলো লাক্স সুপারস্টার, নতুন মুখ পেলো বাংলাদেশ
দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার বিজয়ীর মাধ্যমে নতুন মুখ পেলো বাংলাদেশ। এবার ‘লাক্স সুপারস্টার ২০২৫’এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। অনুষ্ঠানে বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান।
‘লাক্স সুপারস্টার ২০২৫’ চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ প্রতিযোগী- আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
২০০৫ সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। সাত বছর বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর।
জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী সিনেমা নির্মাণ করবেন।আর বিজয়ীদের সবাইকে নিয়ে শিহাব শাহীন নির্মাণ করবেন ওয়েব ফিল্ম।
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিহাব শাহীন, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিমসহ শোবিজ অঙ্গনের অনেকেই।
এমআই/কেএসআর/এএসএম