রায়হান রাফির পরবর্তী সিনেমার নায়ক অপূর্ব!
রায়হান রাফির নতুন সিনেমায় এবার নায়ক হিসেবে বড়পর্দায় আসছেন ছোটপর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এমন গুঞ্জন ছড়িয়েছে নাটকপাড়ায়। এ নিয়ে বিনোদন অঙ্গনে ও সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
জানা গেছে, নতুন এই সিনেমার কাজ শুরু হলে সেখানে প্রধান চরিত্রে দেখা যেতে পারে অপূর্বকে। নাটকে দীর্ঘদিন ধরে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা আবারও বড়পর্দায় কাজ করার সুযোগ পেতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে এটি হবে তার ক্যারিয়ারের এক নতুন মাইলফলক।
অপূর্বকে নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি, এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। চলচ্চিত্র-সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ঈদকে সামনে রেখে আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে সিনেমা নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
বিষয়টি জানতে রায়হান রাফির সঙ্গে যোগাযোগের করা হলে তিনি জানিয়েছেন, এটি সত্য নয়। তবে নির্মাতা হিসেবে ঈদে নতুন সিনেমা থাকবে। নতুন কাজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজের ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান জানানোর আগে আমি কিছু বলতে চাই না।’ তবে কি ‘তান্ডব’ বা ‘তুফান’ ছবির পরবর্তী কিস্তি আসছে? এ প্রসঙ্গে রাফি বলেন, ‘আমি আপাতত কোনো সিকুয়্যেল নিয়ে আসছি না। সিনেমা দুটির (‘তুফান’, ‘তাণ্ডব’) সিকুয়্যেল নিয়ে এই ঈদে ভাবছিও না। তবে ঈদে সিনেমা আসতে পারে। সেটা সময় হলেই প্রযোজক জানাবেন।’
সিনেমাটি আদৌ হচ্ছে কি না, বা সেখানে অপূর্বর অংশগ্রহণ নিশ্চিত কি না সে বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে, জিয়াউল ফারুক অপূর্বর সিনেমায় যুক্ত হওয়ার গুঞ্জন এবং রায়হান রাফির নতুন প্রজেক্ট ঘিরে ঢালিউডে এখন কৌতূহল তুঙ্গে। সিনেমা অনুরাগীদের নজর এখন আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
এমআই/আরএমডি