নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। তিনি ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান।
দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় থাকা ফারহানা চৌধুরী বেবীর রাজনীতিতে সরব উপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। বর্তমানে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিকভাবেও তিনি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তিনি বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর কন্যা। পরিবারের রাজনৈতিক আদর্শ ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় জনগণের সেবা করার প্রত্যয় থেকেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
এছাড়া তার মা মরহুমা রাহিজা খানম ঝুনুও (একুশে পদকপ্রাপ্ত) জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক এই পটভূমি তার রাজনৈতিক যাত্রাকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে ফারহানা চৌধুরী বেবী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। তার সমর্থকদের আশা, দলীয় মনোনয়ন পেলে তিনি সাংস্কৃতিক ও সামাজিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।
এলআইএ