ওমর সানীর আসল নাম কি জানেন, যেভাবে হলেন নায়ক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৬ মে ২০২৬
ওমর সানীর আসল নাম কি জানেন, যেভাবে হলেন নায়ক

বাংলা সিনেমার নব্বই দশকের সোনালি সময়ের কথা উঠলেই যে কয়েকজন নায়কের নাম প্রথম সারিতে চলে আসে তাদের মধ্যে অন্যতম ওমর সানী। রোমান্টিক হিরো থেকে অ্যাকশন; সবখানেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি। কিন্তু এই জনপ্রিয় নায়ক একসময় ছিলেন ‘ইমরান’ নামের এক সংগ্রামী তরুণ। যার পথচলা মোটেও সহজ ছিল না।

জন্মদিন
আজ ওমর সানীর জন্মদিন। ১৯৬৯ সালের ৬ মে তার জন্ম। ঢাকার কেরানীগঞ্জে জন্ম নেয়া এই নায়কের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে।

ইমরান থেকে ওমর সানী
চলচ্চিত্রে নাম পরিবর্তন নতুন কিছু নয়। সেই ধারাতেই নিজের নাম বদলাতে হয়েছিল ওমর সানীকেও। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার পারিবারিক নাম ছিলো ইমরান। কিন্তু তখন একই নামে আরেকজন নায়ক থাকায় পরিচালক জালাল উদ্দিন রুমি তাকে নাম পরিবর্তনের পরামর্শ দেন।

রুমির প্রস্তাবেই ‘ওমর’ নামটি বেছে নেন তিনি। যার অর্থ ও গুরুত্ব ইসলামী ঐতিহ্যে গভীর। এরপর ‘সানী’ নামটি যুক্ত করেন অভিনেতা জুবের আলম। এভাবেই জন্ম নেয় নতুন পরিচয়- ওমর সানী। পরিবারের কাছেও বিষয়টি তুলে ধরলে তারা ছেলের অভিনয় ক্যারিয়ারকেই গুরুত্ব দিয়ে সম্মতি দেন।

সংগ্রাম থেকে সাফল্য
চলচ্চিত্রে প্রবেশের আগে দীর্ঘদিন স্ট্রাগল করেছেন এই অভিনেতা। ১৯৯০ সালে তিনি একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হন। তবে বড় পর্দায় তার অভিষেক ঘটে ছোট একটি চরিত্র দিয়ে ‘মশাল’ সিনেমায়। পরবর্তীতে ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ এবং ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমা তাকে এনে দেয় পরিচিতি। ওমর সানী ‘চাঁদের আলো’ সিনেমায় অভিনয় করে কোন পারিশ্রমিক পাননি বলেই জানান। ‘অগ্নিপথ’ সিনেমায় অভিনয় করে ৫০ হাজার টাকা পারিশ্রমিক পান প্রথম। তবে ‘চাঁদের আলো’ সিনেমাটি ছিলো তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই সিনেমার সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

নব্বইয়ের সুপারস্টার জুটি
নব্বই দশকে মৌসুমী-ওমর সানী জুটি ছিল দর্শকদের সবচেয়ে প্রিয় জুটিগুলোর একটি। রোমান্স, আবেগ আর পারিবারিক গল্পে তারা হয়ে উঠেছিলেন দর্শকদের আপনজন। ১৯৯৬ সালের ২ আগস্ট বাস্তব জীবনেও একে অপরের সঙ্গী হন এই তারকা জুটি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। পর্দার প্রেম বাস্তব জীবনে রূপ নেওয়ায় এই জুটি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে।

সিনেমায় সাফল্যের ঝুলি
ওমর সানী প্রায় ১৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘প্রেমগীত’, ‘চরম আঘাত’, ‘অধিকার চাই’, ‘কুলি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’সহ আরও অনেক।

খলনায়ক
নায়ক হিসেবে সফলতার পাশাপাশি তিনি খলনায়ক চরিত্রেও নিজেকে প্রমাণ করেছেন। ২০০৩ সালে ‘ওর দালাল’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুনভাবে নিজেকে তুলে ধরেন।

সংগ্রাম, নাম পরিবর্তন আর কঠোর পরিশ্রম—সবকিছু মিলিয়ে পাতলা গড়নের এক তরুণ ইমরান আজ বাংলা সিনেমার প্রতিষ্ঠিত নায়ক ওমর সানী। তার এই যাত্রা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।