মৌসুমী ভালো মানুষ, সঠিক চুক্তি থাকলে অস্বীকার করতেন না : রবি চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৬ মে ২০২৬
যদি সঠিক চুক্তি থাকতো তাহলে মৌসুমী অস্বীকার করতেন না : রবি চৌধুরী

হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে বিতর্ক যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মুক্তির আগেই একের পর এক অভিযোগ, প্রশ্ন ও বিভ্রান্তিকর তথ্যের কারণে ছবিটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরইমধ্যে নতুন করে এই বিতর্কে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী।

এই গায়ক স্পষ্ট ভাষায় বলেন, ‘এক ঘণ্টার নাটকের কথা বলে যদি সিনেমা বানানো হয় সেটাকে অবশ্যই অপরাধ বলতে হবে। কারণ নাটক ও সিনেমার পারিশ্রমিক এক নয় এটা সবাই জানে।’

তিনি আরও বলেন, ‘মৌসুমী একজন ভালো মানুষ। আমার বিশ্বাস, যদি কোনো সঠিক চুক্তি বা এগ্রিমেন্ট থাকতো তাহলে তিনি অস্বীকার করতেন না, এভাবে সিনেমাটির বিরুদ্ধে কথা বলতেন না। বিষয়টিতে নিশ্চয়ই কোথাও সমস্যা রয়েছে।’

রবি চৌধুরীর এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পুরো বিষয়টিতে চুক্তি সংক্রান্ত জটিলতা বা ভুল বোঝাবুঝি থাকতে পারে, যা এখন বড় আকার ধারণ করেছে। তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনা শুরু হয়েছে, সিনেমাটি আদৌ কীভাবে নির্মিত হয়েছে?

শিল্পীদের সম্মতি ও পারিশ্রমিক ঠিকভাবে নিশ্চিত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

এদিকে সিনেমাটির পোস্টার প্রকাশের পর আরও একটি বিতর্ক তৈরি হয়। পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর পাশাপাশি মডেল ও অভিনেত্রী জেবা জান্নাতকেও দেখা যায়। তবে বিষয়টি নিয়ে জেবা জান্নাত সরাসরি জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয়ই করেননি।

সব মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে। শিল্পীদের বক্তব্য, চুক্তি সংক্রান্ত অভিযোগ এবং পোস্টার বিভ্রান্তি সবকিছু মিলিয়ে ছবিটি এখন সমালোচনার মুখে। আগামী ১৫ মে সিনেমাটি মুক্তির কথা থাকলেও, এসব বিতর্কের প্রভাব শেষ পর্যন্ত দর্শকের আগ্রহে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।