কানের পথে উড়াল দিলেন আলিয়া, অপেক্ষায় অনুরাগীরা
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে (১২ মে)। আর সেই উৎসবেই অংশ নিতে এরই মধ্যে ফ্রান্সের উদ্দেশে রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কানের লাল গালিচায় তার গ্ল্যামারাস উপস্থিতি দেখার অপেক্ষায় এখন অনুরাগীরা।
সোমবার ভোরে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আলিয়াকে। সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট, ডেনিম জিনস ও বুটে বেশ স্টাইলিশ লুকে ধরা দেন অভিনেত্রী। বিমানবন্দরে উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরাবন্দিও হন তিনি।
আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসডর হিসেবে এবার কানের মঞ্চে প্রতিনিধিত্ব করবেন আলিয়া। বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় তারকাদের সঙ্গে কানের লাল গালিচায় হাঁটবেন তিনি। এ তালিকায় রয়েছেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, জানে ফন্ডা ও ভিয়োলা ডেভিসসহ আরও অনেক বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।
এবারই দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন আলিয়া ভাট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আবারও কানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। গত বছরের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এবছর আরও বড় উদযাপনের অংশ হতে পারাটা দারুণ অনুভূতি।’
তিনি আরও বলেন, ‘কান শুধু সিনেমার মঞ্চ নয়, এটি নারীদের কণ্ঠস্বর ও পারস্পরিক সমর্থনেরও একটি বড় জায়গা। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত, যারা নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দেয়।’
এদিকে আলিয়ার পাশাপাশি এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অদিতি রাও হায়দারিও। এছাড়া প্রথমবারের মতো কানের মঞ্চে দেখা যাবে টলিউড অভিনেত্রী পার্ণো মিত্রকে।
আরও পড়ুন:
খাবারের কষ্ট পেরিয়ে মুখ্যমন্ত্রী বিজয়, সংগ্রামের গল্প শোনালেন বাবা
রণবীরের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য
বর্তমানে আলিয়ার হাতে রয়েছে যশ রাজ ফিল্মসের ‘আলফা’ ও সঞ্জয়লীলা বনসালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ। তবে আপাতত সব নজর কানের লাল গালিচায় তার উপস্থিতির দিকেই।
এমএমএফ