যে ছবি মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার
কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাদের একজন উপস্থাপক রুম্মান রশীদ খান। কারিনার একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেটি সদ্য প্রয়াত এ কনটেন্ট ক্রিয়েটর তার মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে কারিনার মৃত্যুর পর সে ছবি প্রকাশ করেন রুম্মান। সাদাকালো ছবিটিতে কারিনার দৃষ্টি রাস্তায়। মুখে এক চিলতে হাসি। ছবিটি প্রাকশ করে ক্যাপশনে রুম্মান লেখেন, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটসআপ করেছিলাম। কারিনা বলেছিলেন, ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!’
লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই সেই ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।
এমআই/এলআইএ