পাইরেসির বিরুদ্ধে আইয়ুব বাচ্চু


প্রকাশিত: ০৪:২২ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

পাইরেসি থেকে সঙ্গীতাঙ্গনকে বাঁচাতে ভক্ত-শ্রোতাদের কাছে আকুল আবেদন করেছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। তিনি মনে করেন, সাধারণ মানুষ চাইলে পাইরেসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা সম্ভব।

এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, `পাইরেসির কারণে সিডির বাজার ধ্বংস হয়ে গেছে। তাই শিল্পীরা এখন বিকল্প মাধ্যম হিসেবে অনলাইন ও মুঠোফোনে নতুন নতুন গান প্রকাশ করছে। তবে এ মাধ্যমও পুরোপুরি পাইরেসির কবল মুক্ত নয়। কারণ একাধিক অবৈধ অনলাইনে দেশীয় শিল্পীদের গান খুব সহজেই ডাউনলোড করার সুযোগ রয়েছে। তাই ভক্তরা বৈধ থেকে অবৈধ ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিনামূল্যে গান সংগ্রহ করতে বেশি আগ্রহী। এটি একজন শিল্পীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এভাবে চলতে থাকলে কেউ আর গান তৈরিতে উৎসাহী হবেন না। তখন সঙ্গীতাঙ্গন গানশূন্য হয়ে পড়বে। সঙ্গীতপ্রেমীরা এমনটি দেখতে না চাইলে, এখন থেকেই গান বাঁচাতে পাইরেসির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।`

জানা গেছে, এরই মধ্যে আইয়ুব বাচ্চু পাইরেসির বিরুদ্ধে জনমত তৈরির করার লক্ষ্যে কাজ শুরু করেছেন। তিনি প্রতিটি স্টেজশোতে পাইরেসির বিরুদ্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন।

এদিকে,  শীঘ্রই আইয়ুব বাচ্চু নতুন পাঁচটি গান প্রকাশ করতে যাচ্ছেন। বর্তমানে তিনি গানগুলোর কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর আগে, গত বছর মুঠোফোনে তিনি নতুন পাঁচটি গান প্রকাশ করেন। বাচ্চু নিজেই এ গানগুলোর সুর-সঙ্গীত করেছেন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।