১৪ বছরের অপেক্ষা কাটিয়ে গান নিয়ে আসছে ‘গানপোকা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ এএম, ৩০ এপ্রিল ২০২৬
১৪ বছরের অপেক্ষা কাটিয়ে গান নিয়ে আসছে ‘গানপোকা’

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে প্রথম অফিসিয়াল স্টুডিও রেকর্ড করা গান প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘গানপোকা’। আগামী ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুক্তি পাবে তাদের বহুল প্রতীক্ষিত গান ‘গতি জড়তা’।

দেশীয় সংগীতাঙ্গনে এক যুগেরও বেশি সময় ধরে মৌলিক সুর, গভীর কথামালা এবং আধুনিক ফিউশনের ভিন্নধর্মী উপস্থাপনায় শ্রোতাদের মুগ্ধ করে আসছে ‘গানপোকা’। কনসার্ট ও লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তাদের গান জনপ্রিয়তা পেলেও এতদিন কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন প্রকাশ হয়নি। এবার প্রথমবারের মতো শ্রোতারা পাচ্ছেন পূর্ণাঙ্গ অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

‘পতনে প্রবাহতে বুক ভাঙা গান’- এই স্লোগানকে ধারণ করে পথচলা ব্যান্ডটির নতুন গান ‘গতি জড়তা’র কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং নান্দনিক অ্যানিমেশন নির্মাণে কাজ করেছেন আলভী।

গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও মিথুন। দোতারায় রয়েছেন বিপুল, পারকাশনে নাজমুল নিশান, বেইজ গিটারে নোমান, অ্যাকুস্টিক গিটারে অনিন্দ এবং ড্রামসে আছেন অপু।

পহেলা মে-কে মুক্তির দিন হিসেবে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন ব্যান্ড সদস্যরা। তাদের ভাষায়, তারা নিজেদের ‘গানের শ্রমিক’ মনে করেন। দীর্ঘ ১৪ বছরের শ্রম, সাধনা এবং বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতেই আন্তর্জাতিক শ্রমিক দিবসকে বেছে নেওয়া হয়েছে।

বর্তমান সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের প্রচলন কমে আসায় ‘গানপোকা’ নিয়েছে ভিন্ন পরিকল্পনা। ‘গতি জড়তা’ তাদের প্রথম অফিসিয়াল অ্যালবাম ‘গানপোকার গতি জড়তা’-এর অংশ। পুরো অ্যালবাম একসঙ্গে নয়, বরং ধারাবাহিকভাবে প্রতিটি গান মিউজিক ভিডিওসহ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

দোতারার বিশেষ ব্যবহারই ব্যান্ডটির অন্যতম স্বাতন্ত্র্য, যা তাদের সাউন্ডকে দিয়েছে আলাদা পরিচিতি। দীর্ঘ দেড় দশকের পথচলায় প্রায় ১০ থেকে ১২টি মৌলিক গান তৈরি করেছে দলটি, যা ইতোমধ্যেই তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের ভালোবাসার প্রতিদান হিসেবেই ‘গতি জড়তা’ প্রকাশ করা হচ্ছে। তারা আশা করছেন, গানটি শ্রোতাদের নতুন এক সংগীত অভিজ্ঞতার মুখোমুখি করবে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।