কাদম্বরী চরিত্রে কঙ্কনা


প্রকাশিত: ০২:৪১ এএম, ০২ মার্চ ২০১৫

সুমন ঘোষ পরিচালিত `কাদম্বরী` শীর্ষক ছবিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। বর্তমানে কলকাতার তপন থিয়েটারে এর দৃশ্যধারণ চলছে।

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবীর মধ্যকার সম্পর্ককে ঘিরে এ ছবির পটভূমি গড়ে উঠেছে। রবীন্দ্রনাথের সমবয়সী হওয়ার সুবাদে কাদম্বরীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি রবীন্দ্রনাথকে বিভিন্ন গল্প, কবিতা, নাটক ও গান রচনায় উৎসাহ জুগিয়েছেন। এ কারণে তাদের সম্পর্ক নিয়ে ওই সময় বিতর্ক উঠেছিল। পরবর্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের মাত্র চার মাস পর আত্মহত্যা করেন কাদম্বরী দেবী। তার আত্মহত্যার কারণ জানা না গেলেও ধারণা করা হয়, রবীন্দ্রনাথের হঠাৎ বিয়ের বিষয়টি কাদম্বরীকে বিচলিত করে তুলেছিল। কাদম্বরী দেবীর অকাল মৃত্যু রবীন্দ্রনাথের মনে গভীর দাগ কাটে। এ ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে রূপদান করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে কঙ্কনা সেন বলেন, `কাদম্বরী দেবী সম্পর্কে আগে থেকেই আমার অনেক কিছু জানা আছে। তাই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে সমস্যা হচ্ছে না।` 

কাদম্বরীর স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন। এছাড়া বিনোদিনী দাসীর চরিত্রে শ্রীলেখা মিত্রকে দেখা যাবে। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।