মুসাফির আরিফিন শুভ’র মারামারি
কলকাতার বাসিন্দা অর্পিতাকে বিয়ের পর ‘মুসাফির’ চিত্রনায়ক আরিফিন শুভ’র চুক্তিবদ্ধ হওয়া প্রথম ছবি। এই মুহূর্তে চলছে ছবিটির দৃশ্যধারণের কাজ। ঢাকার বিভিন্ন লোকেশনে প্রতিদিনই নিজে গাড়ি চালিয়ে শুটিং স্পটে হাজির হচ্ছেন শুভ।
নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিনই আপলোড করছেন এই ছবির নানা দৃশ্যের ছবি। আজ তাকে দেখা যায় বন্ধুক হাতে অ্যাকশনের ভূমিকায়। তিনি মারামারি দৃশ্যে দুই হাতে বন্ধুক নিয়ে গুলি ছুঁড়ছেন ভিলেনদের লক্ষ্য করে।
এ বিষয়ে শুভ জাগোনিউজকে বলেন, ‘দারুণ একটি ছবির কাজ করছি। প্রেম, সুখ-দু:খ, গান আর অ্যাকশান-সবই আছে মুসাফির ছবিতে। ছবিটির নির্মাতা এবং পুরো টিমের সবাই খুব কষ্ট করছেন দর্শকদের ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে। সেইসাথে এ ছবিতে আমরা আরো একজন মেধাবী অভিনেত্রী পেতে যাচ্ছি। জেনিফারে মুগ্ধ হবেন দর্শক এবং মুসাফির ভালো লাগবে সবার এটাই প্রত্যাশা।’
‘পারসেপচুয়াল পিকচার্স’-এর ব্যানারে আশিকুর রহমানের নতুন এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও নবাগতা মারজান জেনিফা। একইসঙ্গে, এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত অভিনেত্রী মারজান জেনিফারের।
ছবিটি প্রসঙ্গে পরিচালক আশিকুর জানান, ‘আমাদের চলচ্চিত্রের পুরোনো চেহারা পাল্টে দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করছি এ ছবিটি। সবকিছুর মধ্যেই পরিবর্তন এনেছি। গল্পটা অ্যাকশন থ্রিলার, তবে অনেক মজার। ছবিতে দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন’।
জেনিফারকে নিয়েও আশাবাদী পরিচালক বলেন, ‘জেনিফার অভিনয়ে দক্ষ। আরেফিন শুভ’র মতো নায়কের সঙ্গে অভিনয় করতে একজন নায়িকার যা থাকা প্রয়োজন তার মধ্যে সবকিছুই আছে। আমার বিশ্বাস জেনিফার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক দূর পর্যন্ত যাবে’।
বর্তমানে চলছে ঢাকায় দৃশ্যধারণ। তারপর দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হবে। চলতি বছরের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন অভিনেতা আরিফিন শুভ।
এই ছবিটি ছাড়াও বেশ কয়টি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ফিল্মের আলোচিত এ নায়ক। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে লাক্স সুন্দরী মম’র সাথে ছুঁয়ে দিলে মন ছবিটি।
এলএ/এমএস