‘বাহুবলী’র পরিচালক নতুন সিনেমা দিয়ে যে রেকর্ড গড়তে যাচ্ছেন
‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার উপহার দেওয়া নির্মাতা এস এস রাজামৌলি এবার নতুন সিনেমা দিয়ে গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস। তার বহুল প্রতীক্ষিত নতুন ছবি ‘বারাণসী’ শুধু গল্প বা তারকাবহুল কাস্টের জন্য নয়, প্রযুক্তিগত দিক থেকেও তৈরি করছে বড় চমক।
ভারতীয় সিনেমার অন্যতম সফল এই পরিচালক এবার শুটিং করছেন দেশের সবচেয়ে বড় মোশন ক্যাপচার স্টুডিওতে। হায়দরাবাদে নির্মিত এই অত্যাধুনিক স্টুডিওতে একসঙ্গে ২০ জন শিল্পীর মোশন ক্যাপচার রেকর্ড করা সম্ভব, যা ভারতীয় চলচ্চিত্রে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
রাজামৌলি নিজেই জানিয়েছেন, এই প্রযুক্তি তার কাজকে অনেক সহজ করে দেবে। আগে ভারতে সীমিত প্রযুক্তির কারণে একসঙ্গে একজন বা সর্বোচ্চ দু’জন শিল্পীর মোশন ক্যাপচার করা যেত। কিন্তু নতুন এই স্টুডিওর মাধ্যমে এখন একই সময়ে ২০ জনের শুটিং সম্ভব হবে, যা সিনেমার ভিজ্যুয়াল মানকে আরও অনেক এগিয়ে নেবে।
এই স্টুডিওটি তৈরি হয়েছে হলিউডের অভিজ্ঞ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানিমেট্রিক্স ডিজাইনের সহযোগিতায়। ফলে প্রযুক্তিগত মান যে আন্তর্জাতিক পর্যায়ের হবে, তা নিয়েও রয়েছে বাড়তি প্রত্যাশা।
রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবির জন্য ইতোমধ্যে বিশাল সেট নির্মাণ করা হয়েছে এবং ভিএফএক্সের কাজেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।
এর আগে ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’ এবং ‘আরআরআর’- এই তিনটি সিনেমাই ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছে। বিশেষ করে ‘বাহুবলী ২’ বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ১,৮১০ কোটি রুপি। আর ‘আরআরআর’ আয় করে ১,৩০০ কোটির রুপিরও বেশি।
এবার নতুন প্রযুক্তি আর বিশাল আয়োজন নিয়ে ‘বারাণসী’ দিয়ে আরও বড় রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন রাজামৌলি ও তার ভক্তরা।
এলআইএ