থালাপতি বিজয়ের ঝড়, ১০৭ আসনে বিশাল জয়ের আসল রহস্য
দক্ষিণ ভারতীয় সিনেমার সুপরাস্টার থালাপতি বিজয় (সি. জোসেফ বিজয়) প্রথমবারের মতো তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অংশ নিয়েছেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়েছে। ১০৭ আসনে জয় পেয়েছে তার দল। আর থালাপতি বিজয় নিজে পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব)- এই দুটি আসন থেকে নির্বাচন করছেন। দুটি আসনেই জিতেছেন বিশাল ব্যবধান।
কী এমন ছিলো বিজয়ের কাছে? কীসের জন্য এভাবে সিনেমার নায়কের মতোই তামিলনাড়ুর রাজনীতিতে উত্থান হলো তার? সেসব নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ।
তবে অনেকেই মনে করেন থালাপতি বিজয়কে ভোটের মাঠে এগিয়ে রেখেছে তার স্টারডম। আকাশছোঁয়া জনপ্রিয়তা তার দক্ষিণ ভারতে। রজনীকান্তের পরই তাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয়। সেই তারকাখ্যাতিই বিজয়কে দ্রুত বড় নেতা হিসেবে সবার মনে জায়গা করে দিয়েছে। পাশাপাশি বিজয়ের বিশেষ চমক ছিলো তার নির্বাচনী ইশতেহার। সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নারী ও যুবকদের জন্য। সেগুলোই ম্যাজিক হিসেবে কাজ করেছে তামিল সিনেমার থালাপতির বাঁশিতে বিজয়ের সুর তুলতে। জানা গেছে, বিজয় ও তার দলের প্রার্থীদের নারী ও যুবকরাই বেশি ভোট দিয়েছেন।
বাঁশি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে চমক দেখানো বিজয় জানিয়েছিলেন, ক্ষমতায় এলে রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনবেন। তার ঘোষণাগুলোর বড় অংশজুড়ে রয়েছে নারী ও যুবকদের জন্য বিশেষ সুবিধা।
ইশতেহার অনুযায়ী, ৬০ বছরের নিচে নারীদের জন্য মাসিক ২,৫০০ রুপি ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বছরে পরিবারপ্রতি ছয়টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তার পাশাপাশি উপহার হিসেবে সোনা ও শাড়ি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
শিক্ষা খাতে বিজয়ের পরিকল্পনায় রয়েছে আধুনিক আবাসিক স্কুল স্থাপন, সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত শিক্ষাঋণ এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা। স্বাস্থ্যখাতে প্রতিটি পরিবারের জন্য ২৫ লাখ রুপি পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
যুবকদের জন্যও রয়েছে একাধিক উদ্যোগ। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রতিশ্রতি হিসেবে আলোচনায় আছে- সরকারি পরীক্ষাগুলো সময়মতো নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বিজয়। বেকারদের জন্য মাসিক ভাতা, পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিজয়।
এছাড়া কৃষকদের ঋণ মওকুফ এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও করেছেন তিনি।
রাজনীতিতে নতুন হলেও এসব প্রতিশ্রুতি ইতোমধ্যে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, নির্বাচনের ফলাফলে এই ‘ম্যাজিক’ কতটা বাস্তবে রূপ নেয়।
এলআইএ