ভারতের হারে আনন্দিত রাম গোপাল ভার্মা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রশংসা করার জন্য জননন্দিত গায়ক কবীর সুমনের ফাঁসি দাবি করেছেন অনেক ভারতীয়। আর ভারতীয় হয়ে কি না ভারতের পরাজয়ে আনন্দ প্রকাশ করা!
কিন্তু সেটাই করলেন ব্যতিক্রমী মনোভাবের জন্য চিত্রজগতে পরিচিত পরিচালক রামগোপাল ভার্মা। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পরাজয় ঘিরে তাঁর বিতর্কিত মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতের খালি হাতে ফিরে আসার দিন এই নির্মাতা টুইটারে লিখেছেন, ভারতের হারে তিনি খুবই খুশি। কারণ ক্রিকেট খেলা একদম পছন্দ নয় তাঁর। তিনি আরও বেশি অপছন্দ করেন তাদের, যারা ক্রিকেটের অন্ধভক্ত।
নিজের এই ক্রিকেট বিমুখতার কারণ হিসেবে তিনি বলেছেন, তিনি তাঁর দেশকে খুবই ভালোবাসেন। কিন্তু ক্রিকেটের নেশা দেশের মানুষকে অকেজো করে দেয়। নিজেদের কাজকর্ম ছেড়ে খেলা দেখতে বসে যায় সকলে। তাঁর দেশের মানুষ যাতে এই ক্রিকেট-জ্বর থেকে মুক্তি পায়, তাই ভগবানের কাছে তিনি প্রার্থনা করেন, এমনটাই টুইটারে লিখেছেন রামগোপাল।
এখানেই শেষ নয়। তিনি অন্যান্য দেশের টিমের কাছে অনুরোধ জানিয়েছেন, তারা যেন বারবার এভাবেই ভারতকে হারিয়ে দেয়। এরফলে দেশের মানুষ খেলা দেখা ছেড়ে আবার নিজেদের কাজে মন দিতে পারবে!
রামগোপাল বর্মা এমনিতেই সকলের থেকে বিপরীতরকম ভাবে ভাবতে পছন্দ করেন। এক্ষেত্রেও গোটা ভারতবাসীর ক্রিকেট উন্মাদনার ডিকশানির বাইরে গিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী মন্তব্য পেশ করলেন তিনি।
এলএ/আরআই