প্রথম বারের মতো একক সুরে পংকজ
প্রায় ১৮ বছর ধরে কাজ করছেন দেশের সঙ্গীতাঙ্গণে। ফোক সম্রাজ্ঞী মমতাজের পাংখা, তানভীর শাহিনের সখিরে, মিমির এক দিওয়া না, তিশমার ও কাকা চল যাইগ্যা, মিলার ফেলে আসা জাহিদ বাশার পংকজের সঙ্গীতে করা সময়ের শ্রোতাপ্রিয় গান।
এর আগেও তিনি অসংখ্য মন ভোলানো গান উপহার দিয়েছেন বাংলা গানের শ্রোতাদের।
তার সঙ্গীত পরিচালনায় এবং আয়োজনে দেশের প্রথম ফোক ফিউসন অ্যালবাম ‘রঙের মেলা` প্রকাশিত হয় ১৯৯৭ সালে। জেমস, আইয়ুব বাচ্চু, বিপ্লব, হাসান, পার্থ বড়ুয়াসহ ঐ সময়ের জনপ্রিয় সব ব্যান্ড তারকার গান ছিলো ঐ অ্যালবামে।
বলা চলে এই অ্যালবাম দিয়েই আলোচিত হন জাহিদ বাশার পংকজ। দীর্ঘ দিনের ক্যারিয়ারে এই প্রথম নিজের একক সুরে অ্যালবাম করলেন এই সঙ্গীত পরিচারক ও সুরকার।
এলবামের নাম ‘চাইলে তুমি’। আগমী পহেলা বৈশাখ উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হবে এটি। এতে মোট সাতটি গান রয়েছে। গান গুলোতে কন্ঠ দিয়েছেন - কাজী শুভ, স্বরলিপি, নাজ, ইউসুফ রাজু, রাজিব, মিলন, সাফায়েত ও টিনা মুশতারি। গানের কথাগুলো লিখেছেন শেখ সুমন এমদাদ, জাহিদ বাবুল রেজাউর রহমান রিজভী এবং ওমর ফারুক।
অ্যালবামটি সম্পর্কে জাহিদ বাশার পংকজ বলেন, ‘এই প্রথম আমার একক সুরে অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ স্বরূপ। যার কারণে এই এলবামের কাজটি গুছিয়ে করার চেষ্টা করেছি, যাতে শ্রোতারা ভিন্ন কিছু পায়।’
সম্প্রতি সিডি চয়েসের নিজস্ব স্টুডিওতে গানগুলোর কাজ সম্পন্ন করেন এই সঙ্গীত পরিচালক।
এলএ/আরআই