সোনাক্ষি এবার অ্যাকশন গার্ল
অ্যাকশন গার্ল রূপে রুপালি পর্দায় নাম লেখাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। `আকিরা` শীর্ষক একটি ছবিতে তাকে মারপিট করতে দেখা যাবে।
অ্যাকশন ঘরানার এ ছবির জন্য কুংফু ও ক্যারাতে শিখছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজেকে ফিট করতে জিমে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতেও শুরু করেছেন। এপ্রিলে ছবিটির শুটিং শুরু করবেন বলে সোনাক্ষি জানিয়েছেন।
জানা গেছে, `আকিরা` তামিল ছবি `মউনাগুরু`র হিন্দি রিমেক। নারী সুরক্ষাকে কেন্দ্র করে ছবির কাহিনী এগিয়ে যাবে। নারীপ্রধান এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষি। এতে বেশকিছু অ্যাকশন দৃশ্যের পাশাপাশি একাধিক স্ট্যান্ট করতেও দেখা যাবে। এ কারণে সোনাক্ষিকে দিনে ১০-১২ ঘণ্টা বিশেষ প্রশিক্ষণ নিতে হচ্ছে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এতে তাকে একটি সাদা শার্ট পরে আকর্ষণীয় ভঙ্গিতে আনমনা হয়ে বসে থাকতে দেখা গেছে।
এ প্রসঙ্গে ২৮ বছর বয়সী সোনাক্ষি বলেন, `এ ধরনের চরিত্রে আমি আগে কখনোই অভিনয় করিনি। তাই এক প্রকার বাধ্য হয়ে আকিরা ছবিটির জন্য আমাকে বিশেষ প্রস্তুতি নিতে হচ্ছে। এক কথায় বলতে গেলে দিনের অধিকাংশ সময় শরীরচর্চা কেন্দ্রে ঘাম ঝরাচ্ছি।`
এ ছবিতে সোনক্ষির বাবা শত্রুঘ্ন সিনহাও অভিনয় করবেন। বাস্তব জীবনের মতো ছবিতেও তাকে সোনাক্ষির বাবা চরিত্রে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন এআর মুরু গাড্স।
এএ/এমএস