ক্যাটরিনা কাইফ এখন মাদাম তুসোয়
ভোটের বাজারে অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের শিবিরে নাম লেখালেন ক্যাটরিনা কাইফ। তবে এ কোনা রাজনৈতিক রং বদল নয়। বিগ বি, বাদশাদের পাশাপাশি লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে জায়গা পেল ক্যাটরিনার মোমের মূর্তি।
প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনকে প্রতিযোগিতায় হারিয়ে সপ্তম বলিউড ব্যক্তিত্ব হিসাবে মাদাম তুসোর মিউজিয়ামে নিজের জায়গা পাকা করেছেন ক্যাট সুন্দরী। এক বেসরকারি রেডিও চ্যানেলের সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ওয়েবসাইটে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল মিউজিয়াম কর্তৃপক্ষ। উচ্ছ্বসিত ক্যাটরিনা বলেছেন, “এটা অসাধারণ ঘটনা, আমার এখনও বিশ্বাস হচ্ছে না।”
কুড়িজন কর্মীর চার মাসের পরিশ্রমে তৈরি মোমের মূর্তির খরচ পড়েছে এক লাখ পঞ্চাশ হাজার পাউন্ড। নাচের ভঙ্গিমায় ক্যাটের মোম মূর্তির পরণে রয়েছে রূপালী কাজের সাদা লেহেঙ্গা। ঠোঁটের কোনের হালকা হাসিতে প্রাণ পেয়েছেন মোম কন্যে। অন্যদিকে ‘ক্যাটরিনার মূর্তি তৈরি করতে পেরে আমাদের খুব ভাল লাগছে’বলে টুইট করেছেন মিউজিয়াম কর্তৃপক্ষ।
ক্যাটরিনার আগে অমিতাভ, শাহরুখের পাশাপাশি ঐশ্বর্য্য রাই বচ্চন, সালমান খান, হৃতিক রোশন ও মাধুরী দীক্ষিতের মোমের মূর্তি তৈরি করেছে মাদাম তুসো মিউজিয়াম।
এএ/আরআইপি