জলবায়ু মোকাবিলায় আমরাই পারি


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

চলতি বিশ্বের সবচাইতে বড় হুমকি পরবির্তিত জলবায়ু। প্রকৃতিকে নিয়ন্ত্রণের উপায় এখনও আবিষ্কার হয়নি। তবে চাইলে সবাই মিলে মোকাবিলা করা যায়।

সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কী করে ক্রমেই চরমভাবাপন্ন হয়ে ওঠা আবহাওয়াকে মোকাবিলা করা যায়, তা জানাতেই গত বছরের শুরুর দিকে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করেছিল ‘আমরাই পারি’ নামের ব্যতিক্রমি একটি টিভি সিরিজ।

আর এরই ধারাবাহিকতায় এটিএন বাংলায় ৬ এপ্রিল, সোমবার থেকে আবারও শুরু হচ্ছে অনুষ্ঠানটির দ্বিতীয় সিরিজ। বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষেরা কীভাবে পরিবর্তিত আবহাওয়ার সাথে নিজেদের জীবন ও জীবিকাকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাই উঠে আসবে অনুষ্ঠানটির প্রতিটি পর্বে। আর বিভিন্ন অঞ্চলের মানুষের এই অভিজ্ঞতা ও কৌশলগুলোকে নিজেদের প্রয়োজনানুযায়ী খুব সহজেই কাজে লাগাতে পারবেন অনুষ্ঠানটির দর্শকেরা।

এ উপলক্ষে ৪ এপ্রিল ২০১৫, শনিবার, এটিএন বাংলা স্টুডিওতে আয়োজন করা হয় প্রিমিয়ার শো এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) জনাব নওয়াজীশ আলী খান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মিস্টার রিচার্ড লেইস। এর পর অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। চুক্তি স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং বিবিসি মিডিয়া অ্যাকশন এর কান্ট্রি ডিরেক্টর মিস্টার রিচার্ড লেইস।

অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে অনুষ্ঠানটির অংশবিশেষ প্রদর্শন করা হয়।

প্রিমিয়ার শো এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালকবৃন্দ, উপদেষ্টামন্ডলীসহ বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি বৃন্দ।

অনুষ্ঠানটির আটটি পর্বে উপস্থাপক মনোজ কুমার প্রামাণিক, সাহানা রহমান সুমি ও তানভীর রশিদ অপু দেশের নানা প্রান্ত ঘুরে উঠিয়ে এনেছেন মানুষের সম্মিলিত প্রচেষ্টার নানা চিত্র। দেখিয়েছেন কী করে পরিবর্তিত আবহাওয়া ও প্রাকৃতিক নানা প্রতিকূলতা মোকাবিলায় নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তত করে তুলছেন এই মানুষেরা। এর মধ্যে যেমন রয়েছে লালমনিরহাটে ভাসমান বাগানে সবজি চাষের কথা তেমনি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ সহনশীল স্কুল নির্মাণ কিংবা বরগুনায় সাইক্লোন প্রস্তুতির অংশ হিসেবে এলাকার মানুষের একত্রে কাজ করার মতো বিভিন্ন উদ্যোগের গল্পও রয়েছে ‘আমরাই পারি’র দ্বিতীয় এই সিরিজে।

অনুষ্ঠানটির দ্বিতীয় এই সিরিজ দেখার পর আরও বেশি সংখ্যক মানুষ আবহাওয়ার নানা প্রতিকূলতা ভালোভাবে মোকাবিলা করতে অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি নির্মাণ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। আর ৬ এপ্রিল থেকে প্রতি সোমবার অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।