তারা বাংলায় গাইবেন অণিমা রায়
কলকাতার জনপ্রিয় চ্যানেল ‘তারা বাংলা’র জনপ্রিয় অনুষ্ঠান ‘আজ সকালের আমন্ত্রণ’। অনুষ্ঠানটিতে আগামীকাল মঙ্গলবার উপস্থিত থাকছেন এপার বাংলার সুপরিচিত রবীন্দ্র গানের শিল্পী অণিমা রায়।
অনিন্দিতা কাজীর সঞ্চালনায় অণিমা রবীন্দ্রসঙ্গীতসহ ৫ কবির গান গেয়ে শোনাবেন।
এ অনুষ্ঠানে পারফর্ম প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘আমার কাছে এই অনুষ্ঠানটি নতুন না হলেও প্রতিবারই নতুনের মতোই ধরা দেয়। খুব ভালো লাগে এমন নান্দনিক অনুষ্ঠানে পারফর্ম করতে। আমি মনে করি তারা বাংলার ‘আজ সকালের আমন্ত্রণে’ এবং চ্যানেল আই’র ‘গানে গানে সকাল শুরু’ এই দুটি অনুষ্ঠান শুদ্ধ সঙ্গীত চর্চা যারা করেন তাদের জন্য আশীর্বাদের মতো। এটা অনেক বড় প্লাটফর্ম আমাদের জন্য।’
নিজের পছন্দের পাশাপাশি শ্রোতাদের অনুরোধেও কিছু গান গাইবেন বলে জানালেন তিনি।
তারা বাংলায় অনুষ্ঠানটি মঙ্গলবার সকাল ৮ টা থেকে সরাসরি প্রচার হবে। একইদিন রাতে এটির পুনঃপ্রচার দেখানো হবে।
এলএ/পিআর