বিনামূল্যে ডাটা জার্নালিজম কোর্স চালু করবে এমআরডিআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ এএম, ০৯ মে ২০২৬
এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান/ছবি: জাগো নিউজ

প্রতিষ্ঠার পর থেকে গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার মানোন্নয়ন কাজ করছে মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিনামূল্যে পেশাগত কোর্স করিয়ে আসছে। এবার বিনামূল্যে ডাটা জার্নালিজম কোর্স চালুর ঘোষণা দিয়েছে এমআরডিআই।

শুক্রবার (৮ মে) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এমআরডিআই’র ২৫ বছরপূর্তি উৎসবে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

তিনি বলেন, ২৫ বছরপূর্তির এ অনুষ্ঠানে আমরা নতুন একটি ঘোষণা দিতে চাই। সেটা হলো- শিগগির আমরা ডাটা জার্নালিজম কোর্স চালু করতে যাচ্ছি। আগামীদিনে ডাটা জার্নালিজম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বিষয়ে কর্মরত সাংবাদিকদের স্পষ্ট ধারণা থাকা দরকার। সেই চাহিদাকে সামনে রেখে আমরা ডাটা জার্নালিজম কোর্স চালু করছি। অনলাইনে যে কেউ এ কোর্স করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটি করা যাবে। কোর্স করার পর আমরা অংশগ্রহণকারীদের সনদও দেবো।

হাসিবুর রহমান বলেন, ২০০১ সালে আমরা যখন বাংলাদেশে এমআরডিআই’র যাত্রা শুরু করি, তখন আমরা বলতাম যে, আমরা সাংবাদিকদের সঙ্গে কাজ করি। আজ ২৫ বছর পর এসে আমরা বলছি, যারা সাংবাদিকতা করে, আমরা তাদের সঙ্গে কাজ করি। এ যাত্রায় আমরা মাঠের সাংবাদিকদের সহযোগিতা পেয়ে এসেছি। আগামীদিনেও আমরা মিডিয়ার সেলফ রেগুলেশন নিয়ে কথা বলবো, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এখন ভীতিকর হয়ে উঠছে। আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়েও কাজ করবো।

আরও পড়ুন
সরকার স্বাধীন-ক্ষমতাবান গণমাধ্যম কমিশন করবে: তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক, লেখক ও ফিল্মমেকার জুলিয়ান শের, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলস উইক, পাকিস্তানের দ্য ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া দেশি-বিদেশি সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞরা এ অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে, এমআরডিআই’র ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অনুষ্ঠানে কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এছাড়া এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে দুই দিনব্যাপী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স শুরু হয়েছে। এতে দেশি-বিদেশি ৫৪৭ জন সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। শনিবার (৯ মে) এ কনফারেন্স শেষ হবে।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।