ক্লোজআপ তারকা আতিকের সাথে লাবন্য
গানের ভুবনে নিজেকে ক্রমেই ব্যস্ত করে তুলছেন উঠতি সঙ্গীত তারকা ইয়াসমিন লাবন্য। বেশ কিছু চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এবার তিনি দ্বৈত কণ্ঠে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা আতিকের সাথে।
আসছে পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হতে যাওয়া একটি অডিও অ্যালবামের জন্য ‘আমি প্রথম একটু দেখেছি তোকে’ শিরোনামে গান গাইলেন তিনি। গানটি লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নবাগত শাহেদ।
সম্প্রতি বাংলা মোটরে এসডিএস ষ্টুডিও’তে গানটির ভয়েস দিয়েছেন আতিক ও লাবন্য। জিয়াউদ্দিন আলমের আয়োজনে পহেলা বৈশাখে জিসান মাল্টিমিয়ার ব্যানারে ‘গান মেলায়’ প্রকাশিত হবে মিক্সড অ্যালবাম ‘কিছু প্রত্যাশা’। নতুন অ্যালবামে আতিক ও লাবন্যর গাওয়া এই গানটি থাকছে।
এ প্রসঙ্গে লাবন্য বলেন, ‘এ গানের কথাগুলো খুব সুন্দর। গান গেয়ে নিজেই গানের ভক্ত হয়ে গেছি। আর আতিক ভাইয়ের সাথে প্রথমবারের মতো গাইলাম। উনি দারুণ একজন সঙ্গীতশিল্পী। আমাদের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’
দীর্ঘ বিরতি শেষে গান গাওয়া প্রসঙ্গে আতিক বলেন, ‘প্রায় ৩ বছর পর গানে কন্ঠ দিয়েছি। গানটির কথা এবং সুর খুবই চমৎকার হয়েছে। গানটি শুনলেই শ্রোতারা সেটা বুঝতে পারবেন।’
প্রসঙ্গত, এর আগে লাবন্য ‘অগ্নি’ ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে তার সাথে দ্বৈত কণ্ঠে অংশ নেন শফিক তুহিন। অন্যদিকে ২০১২ সালে প্রথম একক ‘আপন আলোয়’ রিলিজ হয় ক্লোজআপ ওয়ান তারকা আতিকের। এবার তিনি দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন।
এলএ/এমএস