সালমানের জীবনীতে আগ্রহ নেই
বলিউড ব্যাড বয়খ্যাত সালমান খানের জীবনী নিয়ে সিনেমা বানানোর কোনো আগ্রহ নেই ছোট ভাই আরবাজ খানের। সালমানের সম্পর্কে দর্শকদের জানার কিছুই বাকি নেই। তাই এ নায়কের বায়োপিক বানাতে তিনি ইচ্ছুক নন বলেই জানিয়ে দিলেন আরবাজ।
সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরবাজ বলেন, ‘সালমানের বায়োপিক হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমন কারও বায়োপিক বানাতে চাই না যিনি এখনও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সাধারণত সেইসব মানুষদের বায়োপিক বানানো হয় যাদের ব্যাপারে বেশি কিছু জানা নেই। কিন্তু এত জনপ্রিয় কেউ, যার জীবনের ব্যাপারে প্রায় কিছুই অজানা নয়, তার বায়োপিক বানানোর কোনও মানেই হয় না।’
মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আরবাজ জানান, ‘পরিচালক নীরজ পান্ডের কাছে ধোনির বায়োপিক বানানো খুবই চ্যালেঞ্জিং হবে। কারণ আমরা ধোনিকে চিনি, তাই ধোনির ব্যাপারে নতুন কিছু দেখানো খুবই কঠিন।’
এলএ/আরআই