কেমন হলো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের মেগা এডিসোড
অবশেষে পর্দা নামলো দর্শকপ্রিয় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের। শুক্রবার বিকেল তিনটায় ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় প্রকাশ পেয়েছে নাটকটির দেড় ঘণ্টাব্যাপী ‘মেগা এপিসোড’। এর মধ্য দিয়েই শেষ হলো বহুল আলোচিত এই ধারাবাহিকের যাত্রা।
আগেই ঘোষণা দিয়েছিলেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। কথা অনুযায়ী নির্ধারিত সময়েই প্রকাশ করা হয় ধারাবাহিকটির ৫২তম তথা শেষ পর্ব। পরে সামাজিক মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।
প্রকাশের পরপরই দর্শকদের ব্যাপক সাড়া পেতে শুরু করে মেগা এপিসোডটি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভিউ ছাড়িয়ে যায় কয়েক লাখ। মন্তব্যের ঘরেও দেখা যায় দর্শকদের আবেগ, উচ্ছ্বাস ও নানা প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরেই নাটকটির সমাপ্তি নিয়ে দর্শকদের মধ্যে ছিল তুমুল আগ্রহ ও কৌতূহল।
এদিকে নাটকটির শেষ পর্ব উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আজ বিকেল ৩টায় মেগা এপিসোড দিয়ে শেষ হতে যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। ফাহাদ চরিত্র নিয়ে হয়তো আর কখনো আপনাদের সামনে আসা হবে না। কিন্তু দর্শকদের ভালোবাসা আজীবন মনে থাকবে।’
পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন, প্রেম-ভালোবাসা ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিল। বিভিন্ন চরিত্রের দ্বন্দ্ব, আবেগ ও সম্পর্কের জটিলতা নাটকটিকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়।
‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে। নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন আদিত্য মনির।
এলআইএ