নানা আয়োজনের বৈশাখী পাঁচফোড়ন


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৯ এপ্রিল ২০১৫

দর্শকদের মন রাঙাতে পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হচ্ছে নানা রকম অনুষ্ঠান। তারই ধারবাহিকতায় এটিএন বাংলায় নির্মিত হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন।

মজার মজার সব আয়োজন দিয়ে সাজানো হয়েছে পাঁচফোড়ন। এর শুরু হবে পহেলা বৈশাখে দুই বন্ধুর গল্পের মাধ্যমে। বৈশাখের সকালে এক বন্ধুর বাসায় বেড়াতে আসে অপর বন্ধু। তারপর দুই বন্ধু বেরিয়ে পড়ে মেলার উদ্দেশ্যে। ঘুরে বেড়ায় মেলার বিভিন্ন স্থানে। হাজার হাজার মানুষের সঙ্গে মিশে যায় প্রাণের মেলায়। চলার পথে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এইসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোটিং।

পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির ও অভিনেতা আরফান।

অনুষ্ঠানটিতে এবার তিনটি গান রয়েছে। বৈশাখকে নিয়ে কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও তার বন্ধুরা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। আর একটি গান গেয়েছে ধ্রুবতারা ব্যান্ড। নববর্ষকে নিয়ে এই গানটির কথাও লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। বৈশাখকে নিয়ে একটি বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করেছেন শিল্পী অর্জুন। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু।

পথকবি জালাল খান ইউসুফী’র পুঁথি পাঠ ও পুঁথি রচনার ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। এ ছাড়া থাকছে ছাদ পিটানোর গান।

বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে পাঁচফোড়নের বৈশাখী পর্বে। অভিনয় করেছেন-মাসুম আজিজ, সোলায়মান খোকা, কাজী আসাদ, রফিকউল্লাহ্ সেলিম, লাভলী ইয়াসমিন, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, সুভাশিষ ভৌমিক, ইকবাল, শিরিন আলম, বিলু বড়ুয়া, জ্যোস্নে আরা, কাইফ, বিণয় ভদ্র, নিসা, নজরুল ইসলাম, রতন খান, মতিউর রহমান মতিসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ এপ্রিল, মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।