এখনো নীরবে কাঁদেন কুইন
বলিউডে প্রতিষ্ঠা পেতে `কুইন` তারকা কঙ্গনাকে বেশ বেগ পেতে হয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে নানা রকম মানসিক নির্যাতনও সইতে হয়েছে তাকে। এ কথা ভেবে এখনো নীরবে কাঁদেন কঙ্গনা।
এ সম্পর্কে তিনি বলেন, মিডিয়ায় আমি ছিলাম নতুন এক আগন্তুক। আমার পরিবারের কেউই এর সঙ্গে যুক্ত নয়। মূলত এ কারণেই আমাকে ক্যারিয়ারের শুরুর দিকে নানা রকম অপমান-অবহেলার শিকার হতে হয়েছে।
তিনি আরো বলেন, একটা সময় আমাকে কেউ পাত্তা দিত না। আমার পোশাক-আশাক নিয়ে হাসি-ঠাট্টা করত। উচ্চারণ নিয়ে খোঁটা দিত। আমার নামে আজেবাজে কথা ছড়াত। এরপরও আমি কোনো প্রতিবাদ করতাম না। মুখ বুজে সবকিছু সহ্য করে নিজের কাজ করে যেতাম। এরপর ধীরে ধীরে আমার প্রতি সবার ধারণা বদলে যায়।
মূলত মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন কঙ্গনা। দীর্ঘদিন মডেলিংয়ের পর ২০০৬ সালে `গ্যাংস্টার` ছবি দিয়ে লাইমলাইটে আসেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবি দর্শকদের উপহার দিয়েছেন। সর্বশেষ `কুইন` ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
বর্তমানে কঙ্গনা বলিউড অভিনেত্রীদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। এদিকে, খুব শিগগিরই ভারতের একসময়কার সাড়া জাগানো অভিনেত্রী প্রয়াত মীনা কুমারীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন কঙ্গনা। ছবিটি পরিচালনা করবেন তিগমাংশু ধুলিয়া। তাছাড়া ২৮ বছর বয়সী কঙ্গনা বর্তমানে সুজয় ঘোষ এবং হানসল মেহতার নতুন দুটি ছবিতে অভিনয় করছেন।
এমএস/এআরএস/এমএস