ফ্যাটি লিভার নিয়ে অবহেলা, লাইফ সাপোর্টে কারিনা কায়সার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৯ মে ২০২৬
কারিনা কায়সারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন হেপাটাইটিসের কারণে তার লিভার কার্যকারিতা হারাতে বসেছে। অনুরাগী ও অনুসারীদের কাছে দোয়া চেয়েছে কারিনার পরিবার।

কদিন ধরেই ফেসবুক মারফত পাওয়া যাচ্ছিল কারিনা কায়সারের অসুস্থতার খবর। শোনা যাচ্ছিল, লিভার জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। আজ (৯ মে) শনিবার দুপুরে তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ এ প্রসঙ্গে ফেসবুকে একটি বার্তা দেন। তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ফ্যাটি লিভার নিয়ে অবহেলা, লাইফ সাপোর্টে কারিনা

বড় মেয়ে কারিনার শারীরিক অবস্থা প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, ‘তার অবস্থা খুব একটা ভালো নয়। ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ঠিক মতো ওষুধ খায়নি। হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলর হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

আক্ষেপ করে কায়সার হামিদ বলেন, ‘আমি জানতামই না যে, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার কোনো সেট-আপই নেই এ দেশে। এই আধুনিক যুগে এসে বাংলাদেশে এটা কেন থাকবে না। হয়তো আমার মেয়েকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি করছি। ফ্যাটি লিভার অনেকের থাকে, কিন্তু শরীরের যত্ন নিতে হবে। ৭০ শতাংশ আক্রান্ত হলে বিদেশে যেতে হবে। তাই শরীরের যত্ন নিন।’

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।