আমেরিকায় বাংলাদেশি গাড়িওয়ালা


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২২ এপ্রিল ২০১৫

উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রদর্শিত হতে যাচ্ছে আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’। আগামী ২৩-২৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ‘জুলিয়েন ডাবুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং চিলির ‘বিবিওসিনে কনসেপশন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

বিখ্যাত ‘মুভিমেকার’ ম্যাগাজিনের ২০১৩ সালের জরিপ অনুযায়ী ‘জুলিয়েন ডাবুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ বিশ্বের শ্রেষ্ঠ ২৫টি চলচ্চিত্র উৎসবের একটি।

উল্লেখ্য, ‘গাড়িওয়ালা’ এ বছরের শুরুতে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান-২০১৪’-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে  অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা বিশ্ব চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত ‘ এবং ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ এই তিন ক্যাটাগরিতে বিজয়ী হয় ‘গাড়িওয়ালা’।

এই চলচ্চিত্রে চিত্রনাট্যের জন্য আশরাফ শিশির ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, অভিনয়ের জন্য সুপার হিরো সুপার হিরোইন-খ্যাত অভিনেতা মুস্তাফিজুর নুর ইমরান জিতে নেন ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা’ এবং শিশুশিল্পী কাব্য ও শেখ মারুফ যৌথভাবে জিতে নেয় ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ পুরষ্কার।

এছাড়াও, ‘গাড়িওয়ালা’ ইতিমধ্যে গত ১৯-২৪ অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে ‘শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’, গত ৯-১৭ নভেম্বরে ‘২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ , গত ১৩-২১ ডিসেম্বরে ‘৪র্থ  এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব’, গত ২৫-২৭ ডিসেম্বর পাকিস্তানের লাহোরে ‘রাফি পীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, এ বছরের ২৪-৩০ জানুয়ারি ‘৮ম বাংলাদেশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’, ১৯-২২ ফেব্রুয়ারি ভারতের ‘বিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ কম্বোডিয়ার সিয়াম রিপে ‘এ্যাংকর ওয়াট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ১৯ - ২২ মার্চ পর্যন্ত ভারতের মহারাষ্ট্রে ৭ম নাশিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ৭-১৫ এপ্রিল পর্যন্ত ভারতের লক্ষনৌতে ‘৭ম সিএমএস আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’ এবং ১৪-১৮ এপ্রিল পর্যন্ত ইটালিতে ভিত্তেরিও ভেনেতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়।

এছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আভানকা ২০১৪’তে ট্রেলার ইন মোশন বিভাগে মনোনীত হয় গাড়িওয়ালা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য রোকেয়া প্রাচী ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ পুরস্কারের জন্য মনোয়ন পান।

রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল,  সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, ইদ্রিস আলী, জগন্ময় পালসহ চারশত নাট্যকর্মী।  শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। গত ২৫ মে বাংলাদেশ সেন্সর বোর্ডের আনকাট সেন্সরশিপ পায় গাড়িওয়ালা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।