সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে
আন্তর্জাতিক নৃত্য দিবস ২৯ এপ্রিল। বিগত ২৫ বছর ধরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ দিবসটি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নৃত্যদিবস ২০১৫ উদযাপন উপলক্ষে ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল সপ্তাহব্যাপী চলবে অনুষ্ঠান।
অনুষ্ঠানমালায় থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, মেলা, সেমিনার, কর্মশালা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা, গুণীশিল্পী সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠান।
আগামি ২৩ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় ২৩ থেকে ২৮ এপ্রিল প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা ও নৃত্যনুষ্ঠান। ২৬ থেকে ৩০ এপ্রিল প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের মহড়াকক্ষে ‘নবচেতনা সাংস্কৃতিক কেন্দ্রের’ সহযোগিতায় ড. অর্কদেব ভট্টাচার্যের পরিচালনায় ভরত নাট্যম নৃত্যের কর্মশালা অুনষ্ঠিত হবে।
২৮ এপ্রিল বিকেল ৩টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘সন্ত্রাস প্রতিরোধে নৃত্যকলার অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব মিনা মো. নজরুল ইসলাম। ২৯ এপ্রিল বিকেল ৩ টায় আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ‘আনন্দ শোভাযাত্রা’ যা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি ভবনের প্রাঙ্গণে এসে শেষ হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আন্তর্জাতিক নৃত্য দিবস সম্পর্কিত আলোচনা, গুণী নৃত্যশিল্পী সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন থাকছে। এ বছরের গুণীশিল্পী নারায়ন দেব।
২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় এাকডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও গুণী নৃত্যশিল্পী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন।
এলএ/আরআইপি