সবার সেরা সালমান খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৮ এপ্রিল ২০১৫

বিগত বেশ কয়েক বছর ধরেই সালমান খান বলিউডি পরিচালক ও প্রযোজকের কাছে এক আস্থার নাম। বক্সঅফিসে ঝড় তুলে লাভের কড়ি ভালরকমই তিনি ঘরে তুলে দিচ্ছেন একের পর এক। তাই এই ‘দাবাং’ তারকার ওপর যে-কোনও বাজি ধরতেই রাজি রির্মাতা ও প্রযোজকেরা।

এ সব কিছুর জন্যই নতুন করে স্বীকৃতি পেলেন সল্লু মিয়াঁ। তাকে ২০১৪ সালের সেরা অভিনেতার তকমা দিয়েছে একটি প্রখ্যাত ইংরেজি দৈনিক। তবে এ ধরনের তকমা পাওয়ার কাজটি একেবারেই খুব একটা সহজসাধ্য নয়। অভিনেতা-অভিনেত্রীদের পপুলারিটি, বক্সঅফিসের ঘরে তুলে দেওয়া টাকার পরিমাণ, খবরের হেডলাইনে উঠে আসার হার, ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল, বিজ্ঞাপন জগতে আধিপত্য- এ সব কিছুর নিরিখেই ২০১২ সাল থেকে ওই ইংরেজি দৈনিকটি প্রতি মাসে সেলেবে প্রকাশ করে থাকে। যা ইতিমধ্যেই জনপ্রিয়তাও লাভ করেছে। ৬৫টিরও বেশি বিভিন্ন ভাষার পত্রপত্রিকা, প্রায় ২৫৫টি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য-সংগ্রহ করে বেছে নেওয়া হয় চূড়ান্ত সেলেবকে।

২০১৪ সালে প্রকাশিত প্রতি মাসের এই সেলেবেক্সের তালিকার ভিত্তিতে এবার সালমান খান পেয়েছেন সেলেব্রেটি অফ দ্য ইয়ার-এর শিরোপা।

কয়েকদিন আগেই মোট ৫০ জন বলিউডি তারকার এক তালিকা প্রকাশ করা হয়েছে। আর তাতেই সব থেকে বেশি পয়েন্ট পেয়ে বলিউডি তরুণ তুর্কিদের টেক্কা দিয়ে এক নম্বর জায়গাটিতে জাঁকিয়ে বসেছেন সালমান।

তিনি ৫৫২.৮ পয়েন্ট নিয়ে পেয়েছেন সেরার শিরোপা। এরপরই বেশ কয়েক পয়েন্টের তফাতে দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ বিষয়ে শাহরুখের পরেটে জমা পড়েছে ৪৪০.৩ পয়েন্ট। আর এ দুইজনের পর আছেন বলিউড শাহেনশা বিগ বি অমিতাভ বচ্চন। তিনি পেয়েছেন ৩৬৩.৬ পয়েন্ট। তালিকার সেরা পাঁচের বাকি দুটি জায়গা দখল করে নিয়েছেন ৩৪৪.৫ পয়েন্ট পাওয়া অক্ষয়কুমার এবং ২৯৯.৭ পয়েন্ট পাওয়া ঋত্বিক রোশন।

তবে সেরা দশে ঠাঁই করে নিয়ে কোনও রকমে মুখরক্ষা করেছেন রণবীর কাপুর, আমির খান, সইফ আলি খান, অর্জুন কাপুর এবং অভিষেক বচ্চন।

অন্যদিকে এই সমীক্ষায় বছরের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। ৪৭৬.৩ পয়েন্ট পেয়ে দীপিকা এই শীর্ষস্থানটি দখল করেছেন। আর তার পরেই আছেন অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। তার ঝুলিতে ৩৮৯.২ পয়েন্ট। তিন নম্বর জায়গাটি দখল করে রীতিমতো চমকে দিয়েছেন আলিয়া ভাট।

তবে দীর্ঘ পাঁচ বছর বলিউডে অনুপস্থিত থাকা বচ্চন গৃহবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও কিন্তু নিজের যোগ্যতাতেই ঢুকে পড়েছেন তালিকায়। তার স্থান ১২তম। তবে ‘জজবা’ নিয়ে নতুন ইনিংস শুরু করা ঐশ্বরিয়া যে পরের বছর তালিকার প্রথম দিকেই নিজের জায়গা পাকা করবেন এরকম সম্ভাবনা উঁকি দিচ্ছে এখন থেকেই।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।