ঈদের নাটক লিখলেন অপূর্ব, জুটি হবেন নীহা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৯ মে ২০২৬
ঈদের নাটক লিখলেন অপূর্ব, জুটি হবেন নীহা

নিয়মিত অভিনয়ের পাশাপাশি গল্পকার হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তার লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অচেনা আমি’। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

নাটকে অপূর্বর বিপরীতে জুটি হয়ে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। আগামী কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

সম্প্রতি নাটকের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সামাজিক মাধ্যমে অপূর্ব লেখেন, ‘সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।’

জানা গেছে, নাটকটি মূলত রোমান্টিক ঘরানার হলেও এর গল্পে থাকছে আত্মপরিচয়, অনুভূতি এবং প্রিয় মানুষকে হারিয়ে আবার ফিরে পাওয়ার আবেগঘন উপস্থাপন।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, অপূর্ব শুধু অভিনয়েই নয়, গল্প বলার ক্ষেত্রেও দারুণ দক্ষ। তার ভাষায়, ‘অপূর্বর গল্পে সবসময় একটা বার্তা থাকে, আবার সিনেমাটিক আবহও থাকে। ‘অচেনা আমি’তেও দর্শক তেমন কিছুই দেখতে পাবেন।’

তিনি আরও জানান, এটি অপূর্বর লেখা দ্বিতীয় চিত্রনাট্য। এর আগে প্রায় এক যুগ আগে একটি টেলিফিল্মের চিত্রনাট্যও লিখেছিলেন এই অভিনেতা।

উল্লেখ্য, এর আগেও অপূর্বর গল্পে নির্মিত হয়েছে ‘স্বপ্নের নীল পরী’, ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ও ‘ফিরে আসা’র মতো একাধিক নাটক। ফলে নতুন এই নাটক ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে বেশ ভালোভাবেই।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।