সানি লিওন ছদ্ম নাম!


প্রকাশিত: ০৯:৪১ এএম, ১২ মে ২০১৫

একদা ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্নস্টার সানি লিওন আজ বলিউডের সফল নায়িকা। অতীত মুছে দিয়ে মেইনস্ট্রিম নায়িকা হিসেবে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করার পথে নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বলিউড তারকা শাহরুখ খানকে টপকে তিনিই গুগল-এ সবচেয়ে বেশি সার্চ করা ভারতীয় ব্যক্তিত্ব। তাকে ঘিরে ভারতবাসীর অদম্য কৌতূহল। এর প্রধান কারণ নায়িকার অতীত জীবন। অনেকেই জানতে চান সানির ব্যক্তিগত বিষয়াদিও। তার পরিবার, বয়স ইত্যাদি।

জেনে অবাক হবেন, সানি লিওন এই তারকার আসল নাম নয়। বরং এটি তার ছদ্ম নাম। আর আসল নামটি হলো করণজিত্‍ কাউর ভোহরা। আগামীকাল ১৩ মে, মঙ্গলবার এই তারকার জন্মদিন।

পড়াশুনায় দারুণ মেধাবী সানি যৌবনের গোড়ায় পর্নস্টার হিসেবে সফল ক্যারিয়ার গড়েন তিনি। সেই ইমেজে ইতি টেনে হঠাৎ করেই পাড়ি জমান বলিউডে। তারপর থেকেই বাজিমাত করে চলেছেন তিনি। বক্স অফিস প্রতিযোগীতায় হারিয়ে দিয়েছেন দিপীকা, কঙ্গণা, আনুশকা, অমিতাভ বচ্চনের মতো তারকাদের।

শুধু কি তাই? সানির আবির্ভাবে বাজার পড়ে গিয়েছে মল্লিকা শেরাওয়াত, রাখি সাওয়ান্তের মতো একদা হট নায়িকাদের। স্বাভাবিক কারণেই উড়ে-এসে-জুড়ে-বসা পর্নস্টারের উপর বেদম চটেছেন তারা। রাখি সাওয়ান্ত তো সাফ বলেই দিয়েছেন, ‌‘দর্শক সানি লিওনের নগ্নতায় অভ্যস্ত। ও পর্দায় কতটা দেহ ঢেকে রেখেছে, তা দেখতেই লোকে পয়সা খরচ করে।’

নিন্দুকে যা-ই বলুক না কেন, বলিউডে সানির চাহিদা তুঙ্গে। তাকে নায়িকা ভেবে ছবি তৈরি করছেন বেশ কিছু বক্স অফিস সফল পরিচালক। তাছাড়া ইন্টারনেট দুনিয়াতে তাকে নিয়ে নিত্য হইচই বাড়ছে। আর সমালোচনা গায়ে না-মাখার অভ্যাস বহু দিন হলো রপ্ত করে ফেলেছেন ডাকাবুকো করণজিত্‍। এখন কেবল তিনি এগিয়ে যেতে চান। সানির বিশ্বাস, তার কর্ম একদিন বলিউড মাধুরী-কাজলদের মতোই স্মরণ করবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।