এপার ওপারের ব্যস্ততায় আঁচল
দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’ ছবির নায়িকা হয়ে কাজ করছেন ঢাকাই ছবির জনপ্রিয় মুখ আঁচল। নায়িকা জানালেন, এরইমধ্যে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
গত ১ মে পূবাইল আপন ভুবনে শুরু হয়েছিল ছবিটির শুটিং। আপন ভুবন, বালু নদীসহ পূবাইলের বিভিন্ন লোকেশনে করা হয়েছে ছবিটির প্রথম লটের চিত্রায়নের কাজ। আঁচলের সঙ্গে টানা দশ দিন ছবিটিতে অভিনয় করেছেন নায়ক বাপ্পি চৌধুরী।
আঁচল বললেন, প্রথম লটের এই শুটিংয়ের মাধ্যমে শেষ হয়েছে ছবিটির ৭০ ভাগ কাজ। আগামী আগস্টের প্রথম দিকে সাভারে একটি নদীর তীরে ছবিটির শেষ লটের শুটিংয়ে অংশ নেবেন আঁচল ও বাপ্পি।
আঁচল আরো বলেন, ‘গত দশ দিন ধরে পূবাইলে রয়েছি। পূবাইলের এখানে-ওখানে শুটিং করছি সব মিলে অনেক ভালোই লাগছে। তার থেকেও বড় কথা হলো পরিচালক ঝন্টু মামার পরিচালনায় এই প্রথম আমি ক্যামেরার সামনে দাড়াচ্ছি। অন্যরকম একটি অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। মনেই হচ্ছে না মামার সঙ্গে আমি এই প্রথম কাজ করছি। একটা শট একবারেই ওকে হয়ে যাচ্ছে।’
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘ছবিটিতে দর্শক আমাকে একটি ভিন্ন চরিত্রে দেখতে পাবে। আর আগে এমন চরিত্রে কাজ করিনি। শুটিংয়ের মধ্যে নিজেকে শতভাগ মেলে ধরার চেষ্টা করছি। আশা করছি ছবিটি অনেক ভাল লাগবে দর্শকদের।’
এলএ