চীনেও সুপারহিট পিকে
ব্যবসায়ের হিসেব নিকেষে বলিউডে সব রেকর্ড নতুন করে লিখিয়েছে আমির খান ও আনুশকা শর্মা অভিনীত চলচ্চিত্র ‘পিকে’। রাজকুমার হিরানি পরিচালিত সায়েন্স ফিকশন-কমেডি ধাঁচের ছবিটি এবার দারুণ সাড়া পেয়েছে চীনেও।
জানা যায়, শুক্রবার চীনের প্রায় সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় পিকে। যা আন্তর্জাতিক বাজারের যে কোনো হিন্দি সিনেমার সবচেয়ে বড় রিলিজেরও রেকর্ড। তারপর বক্স অফিসে গড়েছে ব্যবসায়েরও নতুন রেকর্ড। প্রথম দুইদিনে চলচ্চিত্রটি আয় করেছে ৩.৪৩ মিলিয়ন ডলার।
ট্রেড এনালিস্ট তারান আদর্শ এক টুইটে রোববার জানান, আন্তর্জাতিক বাজারে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় আয়ের রেকর্ডটি এখন ‘পিকে’র দখলে। চলচ্চিত্রটির আন্তর্জাতিক আয় দাঁড়িয়েছে ১৭৮ কোটি রুপির বেশি।
সম্প্রতি ‘পিকে’র প্রচারণায় চীনে গিয়েছিলেন আমির খান, রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া। সেখানে আমির খান আশা প্রকাশ করেন, ‘থ্রি ইডিয়টস’ এর চেয়ে চীনে ভাল ব্যবসা করবে ‘পিকে’। অবশেষে হলোও তাই।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বক্স অফিসে ঝড় তোলে পিকে। আয়ের দিক থেকে ওই তিনটি বাজারকে পেছনে ফেলে দিয়েছে চীন।
এলএ/এমএস