বিছানাকান্দিতে গোসলে নেমে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০২:২৮ এএম, ১৬ মে ২০২৬

সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে গোসলে নামলে শান্ত বণিক পানিতে ডুবে নিখোঁজ হন। মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তবে সিলেট অনেক দূরে হওয়ায় তাদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় রিপোর্ট সম্পন্ন করা হবে। ডেথ সার্টিফিকেট পাওয়ার পর মরদেহ ক্যাম্পাসে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঠাকুরগাঁওয়ে পরিবারের কাছে পাঠানো হবে।

এসএইচ জাহিদ/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।