২৮ আগস্ট আসছে দ্য স্টোরি অব সামারা (ভিডিও)
রিকিয়া মাসুদো পরিচালিত দেশের প্রথম সাইন্স ফিকশন চলচ্চিত্র দ্য স্টোরি অব সামারা মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট। ছবিটির অডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে এই ঘোষণা দিলেন প্রযোজক জানে আলম।
সোমবার দুপুরে রাজধানীর একটি অভিজাত রেঁস্তোরায় অনুষ্ঠিত হয় ‘দ্য স্টোরি অব সামারা’র অডিও অ্যালবাম প্রকাশনা। এসসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেন্য চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। এছাড়াও ছবিটির প্রযোজক, কলাকুশলী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
স্বনামধন্য সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে ‘দ্য স্টোরি অব সামারা’র অডিও অ্যালবাম। একটি আইটেম গানসহ ছবিটির ৫টি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী, কর্নিয়া ও সজল। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন হক ও ইমরান। এর আবহসঙ্গীত তৈরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন।
এর আগে গেল ৬ এপ্রিল সেন্সর ছাড়পত্র পায় দ্যা স্টোরি অব সামারার প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স প্রোডাকশন।
ছবিটিতে অভিনয় করেছেন সিবা আলী খান, সাঞ্জু, আমান খান, শিমুল খান, এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলাসহ আরও অনেকে। পাশাপাশি ছবিতে ‘মাতাল হাওয়া’ শিরোনামের একটি আইটেম গানসহ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল পিয়া।
ছবিটির গল্প দুটি ভিন্ন গ্রহ ও এগুলোর বাসিন্দাদের ঘিরে। ভিনগ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। এ পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে অশুভ শক্তিকে মোকাবেলা করে পাঁচ তরুণ-তরুণী।
দেখুন মাতাল হাওয়া শিরোনামের আইটেম গানের ভিডিও :
এলএ