নজড় কেড়েছে ‘বনলতা সেন’ সিনেমার চরিত্ররা
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা সেন’-এর আনুষ্ঠানিক ঘোষণার দুই দিনের মাথায় প্রকাশ করা হয়েছে ছবিটির ক্যারেক্টার পোস্টার। সেখানে দেখা মিললো ছবিটির বেশ কয়টি চরিত্রের। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত কবিতা ‘বনলতা সেন’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৫ সালের ডিসেম্বরে, কবিতা পত্রিকায়। পরে ১৯৪২ সালে এটি কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়। সেই হিসেবে কবিতাটির বয়স এখন প্রায় শতবর্ষ ছুঁইছুঁই।
কিন্তু এত বছর পরও এর রহস্য, দর্শন ও আবেগ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং আধুনিক। নির্মাতার ভাষ্য অনুযায়ী, কবিতাটি যেমন পাঠককে এক ধরনের মোহের ভেতর নিয়ে যায়, সিনেমাটিও তেমনভাবেই দর্শককে এক বিশেষ অনুভূতির জগতে নিয়ে যেতে চায়। আর সেটিই এই চলচ্চিত্র নির্মাণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
বনলতা সেন চরিত্রে দেখা দিলেন মাসুমা রহমান নাবিলা
জানা গেছে, চলচ্চিত্রটিতে ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি থাকছে কিছু কাল্পনিক চরিত্রও। বাস্তবতা ও মেটাফোরিক উপস্থাপনার মিশেলে নির্মিত হচ্ছে সিনেমাটি। ফলে দর্শকদের জন্য এটি এক নতুন ধরনের চলচ্চিত্র-অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামীকাল ১৯ মে ২০২৬ সন্ধ্যায় প্রকাশ করা হবে ছবিটির টিজার। এরপর পর্যায়ক্রমে ট্রেলার, গান ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হবে।
‘বনলতা সেন’ চলচ্চিত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত। ছবিটি প্রযোজনা করছে রেড অক্টোবর।
এমআই/এলআইএ