এবার ঢাকা মাতাবে ইনসাইড আউট
মুক্তির পর থেকেই জয়জয়কার চলছে ডিজনি পিকচার্সের নতুন অ্যানিমেটেড ছবি ‘ইনসাইড আউট’-এর। গেল ১৯ জুন আমেরিকায় মুক্তি পায় ছবিটি। এর পরপরই দর্শকমহলে সুখ, দুঃখ, রাগ, বিরক্তি, ভয় নিয়ে পাঁচটি চরিত্রের ব্যতিক্রমী এই ছবি দারুণ সাড়া ফেলেছে।
সাড়ে ১৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এ পর্যন্ত আয় করেছে ১৩ কোটি মার্কিন ডলারেরও বেশি। ফলে এটি আছে হলিউড টপচার্টের দুই নম্বরে।
সেই সাফল্যের ধারাবহিকতা নিয়েই এবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের পর্দায় ২৬ জুন মুক্তি পাচ্ছে ‘ইনসাইড আউট’।
এই ছবিটি দিয়ে দীর্ঘদিন পর আবারো পরিচালনায় ফিরলেন ‘আপ’, ‘মনস্টারস ইঙ্ক’ ছবির মেধাবী স্রষ্টা পিট ডক্টর। তিনি অস্কারে মনোনয়ন পেয়েছেন ৬ বার। ২০০৯ সালে তার ‘আপ’ সেরা অ্যানিমেটেড ছবি হয়।
এ ছাড়া বাফটা চিলড্রেনস ফিল্ম অ্যাওয়ার্ড, অ্যানি অ্যাওয়ার্ড-সহ বহু পুরস্কার ঘরে তুলেছেন পিট। তার পরিচালনায় ‘ইনসাইড আউট’ ছবিটিও পাচ্ছে প্রশংসা।
এর আগে গেল ১৮ মে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘ইনসাইড আউট’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। প্রথম প্রদর্শনীতেই দর্শকদের প্রশংসা কুড়ায় ছবিটি।
এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যামি পোয়েলার, ফিলিস স্মিথ, লুইস ব্ল্যাক, মিনডি কেলিনসহ অনেকে। আর মূল চরিত্র রিলে এন্ডারসন চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন কাইথলিন ডায়াস।
এর গল্প গড়ে উঠেছে পাঁচটি রঙচঙে চরিত্র- জয়, ফিয়ার, স্যাডনেস, অ্যাঙ্গার ও ডিজগাস্ট এবং ১১ বছরের বালিকা রিলে অ্যান্ডারসনকে ঘিরে।
এলএ/পিআর/এসআরজে