সালমান শাহ-শাবনূর জুটির ‘তোমাকে চাই’ দেখা যাবে বড় পর্দায়
বাংলা সিনেমার সুপারহিট জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বই দশকের এই জুটি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। সময়ের স্রোতে অনেক সময় গড়িয়েও এখনো সেইসব সিনেমা দর্শকের পছন্দের তুঙ্গে। অনেকেই অমর নায়ক সালমান শাহের সিনেমাগুলো বড় পর্দায় দেখতে চান।
সেই চাহিদার কথা মাথায় রেখেই আগামী ২১ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’-এর বিশেষ উন্মুক্ত প্রদর্শনী।
মতিন রহমান পরিচালিত এই জনপ্রিয় চলচ্চিত্রের অন্যতম আকর্ষণ রোমান্টিক গল্প, গান ও দর্শকনন্দিত জুটি সালমান শাহ ও শাবনূর। দীর্ঘ সময় পর বড় পর্দায় আবারও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এ নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর মাধ্যমে পুরনো দিনের জনপ্রিয় বাংলা চলচ্চিত্রগুলো নতুন করে বড় পর্দায় উপভোগ করার সুযোগ তৈরি হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বড় পর্দায় ‘তোমাকে চাই’ সিনেমাটি দেখতে আগ্রহী, তারা নির্ধারিত সময় অনুযায়ী নিজ দায়িত্বে মিলনায়তনে উপস্থিত হতে পারবেন।
এছাড়া আয়োজকরা সিনেমাপ্রেমী ও সালমান শাহ ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন, এই প্রদর্শনীর তথ্যটি যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে সবাই এই নস্টালজিক অভিজ্ঞতার অংশ হতে পারেন।
এলআইএ