ছোটকাকু এবার রাঙ্গামাটিতে


প্রকাশিত: ১১:১২ এএম, ২৩ জুন ২০১৫

শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ এবার ‘রাগ করে রাঙ্গামাটি’ গেছেন। এর আগে এই সিরিজের ‘কক্সবাজারের কাকাতুয়া’, ‘রাজশাহীর রসগোল্লা’ এবং ‘লেট করে সিলেটে’ ‘রাত বিরাতে সাতক্ষিরাতে’ নির্মিত হয়েছে।

ছোটকাকু রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন সেসব স্থানের ইতিহাস ঐতিহ্যের। যার ফলে ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছেন। ছোটকাকু এবার রহস্য উদঘাটনে গেলেন রাঙ্গামাটিতে। ফরিদুর রেজা সাগরের  ছোটকাকু সিরিজের ‘রাগ করে রাঙ্গামাটি’ এ গল্প নিয়েই এবারও নির্মিত হয়েছে ৮ পর্বের ধারাবাহিক। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। পাশাপাশি ছোটকাকুর চরিত্রে অভিনয়ও করেছেন আফজাল হোসেন।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া ও সামিয়াসহ অনেকে। এ সিরিজটি চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদুল ফিতরের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

রহস্য, উত্তেজনা, উৎকণ্ঠা আর বিপদসংকুল পথে পা বাড়িয়ে রহস্যের কিনারা করাই ছোটকাকুর স্বভাব। সেইসাথে জেনে নেয়া ইতিহাস ঐতিহ্যকে। এমন অসংখ্য রহস্য, রোমাঞ্চের নামই ছোটকাকু।

সিরিজের প্রতি পর্বেই দেখা যায় ছোটকাকুর অভিযান। এবারের পর্বে দর্শকরা দেখবেন- মাঝারি আকারের একটা কামরা। সেখানে সিংহাসনের মতো আসনে বসে আছেন এক ভদ্রলোক। ডাক্তার ত্রিভুবন দস্তিদার রাঙ্গামাটির এই পাহাড়ের অনেক কিছুই জানেন। ‘৭১ সালে পাক আর্মিরা আদিবাসি রাজার সম্পত্তি লুট করে এখানকার কোন এক গুহায় রেখে গেছে। পাকিস্তানী সৈন্যরা ধনরত্ন যেখানে লুকিয়ে রেখেছিল তা একটা মুর্তির মধ্যে নকশা করে রাখে যাতে পাহাড়ী রাস্তা চিনতে ভুল না হয়।

আর এই লুকিয়ে রাখা ধন খুঁজতেই এবার ছোটকাকুর সঙ্গে দর্শক হাজির হবে রাঙ্গামাটিতে। পদে পদে থাকবে বিপদ আর গা শিউরানো রোমাঞ্চ।

এলএ/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।