বাপ বেটার ডেস্টিনেশন
নাটকের নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে আরো বছর দুই আগে। তবে ইচ্ছেটা তার চলচ্চিত্রের নির্মাতা হবার। সেই লক্ষ্যেই হাত পাকা করতে ‘ব্ল্যাক এপার্ট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। যুক্ত হয়েছেন মায়ের পরিচালনায় ‘শূন্য হৃদয়’ চলচ্চিত্রটির সঙ্গেও।
তারই ধারবাহিকতায় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন নির্মাণ করলেন ‘ডেস্টিনেশন’ নামের একটি টেলিফিল্ম। সেটিতে অভিনয় করেছেন ফারদিনের বাবা ওমর সানী নিজেও।
জানা গেছে, আসছে ঈদে টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। ঈদের ৫ম দিন বিকেল সাড়ে ৪টায় টেলিফিল্মটি প্রচার হবে।
এতে অভিনয় করেছেন ওমর সানী, সুজানা ও শহীদুজ্জামান সেলিম।
ছেলের নির্মাণ সম্পর্কে বলতে গিয়ে ওমর সানী জাগো নিউজকে বলেন, ‘ছোটবেলা থেকেই ফারদিনের ইচ্ছে নির্মাতা হবে। সবসময়ই দেখেছি ক্যামেরার প্রতি ওর এক ধরনের ঝোঁক রয়েছে। আমরাও তাকে স্বাধীনতা দিয়েছি। ও যেটা করে নিজেকে সার্থক মনে করবে বাবা-মা হিসেবে সেটাই আমাদের জন্য গর্বের হবে। ওর স্বপ্নগুলোর সাথে আমরাও একমত। আমরাও চাই ফারদিন নির্মাতা হিসেবে নিজের পরিচয়ে পরিচিত হোক। ওর সাফল্যের জন্য সবাই দোয়া করবেন।’
টেলিছবিটি প্রসঙ্গে সানী বলেন, ‘খুব চমৎকার একটি গল্প নিয়ে এটি তৈরি করা হয়েছে। সবাই যে যার মতো দারুণ অভিনয় করেছেন। আশা করছি ফারদিনের পরিচলনায় ডেস্টিনেশন মুগ্ধ করবে সবাইকে।’
এলএ