বোরখা পরা রিয়াজ
অভিনয়ের প্রয়োজনে একজন অভিনেতাকে কতো রকম চরিত্রেই না কাজ করতে হয়। সেইসব চরিত্রকে সার্থক করে ফুটিয়ে তুলতে নিতে হয় অদ্ভুত সব মেকআপ-প্রস্তুতি। দীর্ঘ অভিনয় জীবনে চলচ্চিত্র নায়ক রিয়াজকেও দেখা গেছে বৈচিত্রময় চরিত্রে, বিচিত্রতা নিয়ে হাজির হতে।
নায়িকা পূর্ণিমার অভিষেক হওয়া ‘এ জীবন তোমার আমার’ ছবিতে রিয়াজ ছিলেন নায়ক। সেই ছবিতে পূর্ণিমার সাথে দেখা করার জন্য বোরখা পড়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। আবারো সেই বোরখায় ঢাকা পড়লেন এই অভিনেতা।
জনপ্রিয় নির্মাতা মাসুদ সেজানের রচনা-পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ফুসমন্তর’-এ দেখা যাবে এই চমক। চলচ্চিত্রের কাজ কমিয়ে দেওয়ার পর রিয়াজ গত দু’এক বছরে বেশ কিছু টিভি নাটকে অভিনয় করলেও এই প্রথমবার তিনি মাসুদ সেজানের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন।
বাংলাভিশনের জন্য নির্মিত এই টেলিফিল্মে তাকে সুজন নামের এক যুবকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বন্ধুবান্ধবের কাছে টাকা ধার করতে করতে যে যুবক এখন আর বাসা থেকে বের হতে পারে না। তাই প্রেমিকার সাথে ডেটিং করতে যায় বোরখা পরে। এ নিয়ে ঘটতে থাকে মজার মজার শোধ-প্রতিশোধের ঘটনা।
এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন লাক্স তারকা বাঁধন, মিশু সাব্বির, শামীমা নাজনীন, মিলন ভট্ট, নূর আলম নয়ন, আল-আমিন প্রমুখ।
এলএ