আনকাট সেন্সর পেরোলো অস্তিত্ব


প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৬ এপ্রিল ২০১৬

নির্মাতা অনন্য মামুন পরিচালিত `অস্তিত্ব` ছবিটি প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিছুদিন আগে ছবিটির ‘আয়না বল না’ শিরোনামের রোমান্টিক একটি গানে শুভ-তিশাতে মজেছিলো ঢাকাই ছবির দর্শক। তবে সেটিকে ছাপিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয় ছবিটির আরো একটি গান ‘আমি বাংলার হিরো’। সে গানে শুভ-তিশার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের।

এসব পুরানো খবর। নতুন খবর জানালেন নির্মাতা মামুন। জাগো নিউজকে তিনি বলেন, `সেন্সর বোর্ড ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দিয়েছেন। একইসাথে তারা ছবিটির ভূয়সী প্রসংশা করেছেন। আজ হাতে পাবো সেন্সর সনদ। আশা করি `অস্তিত্ব` ঢাকাই চলচ্চিত্রের বাণিজ্যিক ঘরানার ছবিতে নতুন এক দিগন্তের সূচনা করবে।`

এদিকে, আগামী মে মাসেই `অস্তিত্ব` ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মামুন। বললেন, `চলতি এপ্রিলে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সাময়িক সমস্যার কারণে হয়ে ওঠেনি। তবে মে মাসের যেকোনো শুক্রবার ছবিটি মুক্তি পাবে। খুব শিগগির চূড়ান্ত তারিখ জানানো হবে।`  

নির্মাতা আরো বলেন, `শুধু দেশেই নয়, দেশের বাইরে ওমান, মালয়েশিয়া এবং যুক্তরাজ্যে `অস্তিত্ব` ছবিটি মুক্তি পাবে`।

`অস্তিত্ব` ছবিতে শুভ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম, রুবিনা, ডন প্রমুখ। এছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মামুন নিজেই। নানা বিপত্তি পেরিয়ে শিশুদের অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্নপূরণে তাদের শিক্ষকের সহযোদ্ধা হয়ে যাওয়ার গল্প নিয়ে এগিয়ে গেছে অস্তিত্বের কাহিনি।

এনই/এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।