৯ বছর ধরে মালিকের সমাধিস্থলে `ক্যাপ্টেন`


প্রকাশিত: ১০:৫২ এএম, ০২ মে ২০১৫

২০০৫ সালে `ক্যাপ্টেন` নামের একটি কুকুরকে বালকপুত্রের খেলার সঙ্গী হিসেবে বাড়িতে এনেছিলেন মিগুয়েল গাজম্যান। কিন্তু ক্যাপ্টেনের সঙ্গ বেশিদিন পেলেন না মিগুয়েল নিজে। এক বছর বাদে হঠাৎ মৃত্যু হল তার। তার পর থেকেই বাড়ি থেকে নিখোঁজ ক্যাপ্টেন। জার্মান শেফার্ড ‘ক্যাপ্টেন’এতটাই প্রভুভক্ত যে‚ গত ৯ বছর ধরে তার ঘরবাড়ি মালিকের সমাধিস্থান। হাজারো চেষ্টা করেও ক্যাপ্টেনকে বাড়ি ফেরানো যায়নি। এই ঘটনা মধ্য আর্জেন্টিনার ভিলা কার্লোস পাজ এলাকার।

পোষ্য কুকুরটিকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল গাজম্যান পরিবার। ভুল ভাঙল কদিন বাদে। যখন তাঁরা সমাধিস্থানে গেলেন। মিগুয়েলের সমাধিতে ফুল দিতে। দেখলেন‚ সেখানেই দিব্যি আছে ক্যাপ্টেন।

সমাধিস্থানের ডিরেক্টর জানালেন‚ মিগুয়েলকে সমাহিত করে তাঁর পরিজনরা চলে যাওয়ার পরে আসে ক্যাপ্টেন। পাগলের মতো খুঁজতে থাকে কিছু। শেষে মিগুয়েলের সমাধির উপর বসে থাকে। সেই থেকে এখনও সেখানেই আছে ক্যাপ্টেন।

দিনের বেলা এদিক ওদিক গেলেও ছুটে আসে প্রভুর সমাধিতে। আর সন্ধে থেকে সারা রাত বসে থাকে সমাধির উপরে। এক মুহূর্তের জন্যেও সরে না। এটাই তার রোজনামচা।

সমাধিস্থানের কর্মীরাই দেখভাল করে তার। রোজ খেতে দেয়। হাল ছেড়ে দিয়েছে মিগুয়েল পরিবারও। যার খেলার সঙ্গী হিসেবে তার আগমন‚ সেই ড্যামিয়েন এখন ১৫ বছরের কিশোর। ড্যামিয়েন নিশ্চিত‚ ক্যাপ্টেন আর ফিরে আসবে না তার কাছে। বরং এভাবেই সে তার মালিকের `খেয়াল` রেখে যাব।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।