অবশেষে শুরু হচ্ছে স্মার্টকার্ড বিতরণ


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ মে ২০১৫

জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম অবশেষে শুরু হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ভোটারদের হাতে ১০ বছরের জন্য উন্নতমানের এই জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই মাসের শেষের দিকে না হলেও আগস্ট মাসের ১ তারিখ থেকে সবার হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে। বর্তমানে চালু লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রটি ফিরিয়ে দিয়ে বিনা মূল্যে উন্নত মানের স্মার্টকার্ড পাবেন ভোটাররা।

জানা গেছে, স্মার্টকার্ডে তিন স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আটটি বৈশিষ্ট্য নিশ্চিত করা হবে। বর্তমানে এক পৃষ্ঠায় নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ ও আইডি নম্বর এবং অপর পৃষ্ঠায় ঠিকানা-সংবলিত লেমিনেটিং করা কার্ড পাচ্ছেন ভোটাররা। স্মার্ট কার্ডে নাগরিকের এসব তথ্যই থাকবে।

জাতীয় পরিচয়পত্র প্রথমবার পাওয়া যাবে বিনা মূল্যে। কিন্তু হারিয়ে গেলে এই স্মার্টকার্ড টাকা ছাড়া মিলবে না। প্রথমবার হারিয়ে গেলে বা নষ্ট হলে ২০০ টাকা, দ্বিতীয়বারের জন্য ৩০০ এবং পরবর্তী যেকোনো বারের জন্য ৫০০ টাকা দিতে হবে। এছাড়া জরুরি ভিত্তিতে পরিচয়পত্র পেতে হলে ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। আর নবায়ন করতে হলে ১০০ টাকা দিতে হবে নির্বাচন কমিশনকে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।