যৌন হয়রানি এখন সামাজিক ব্যাধি!
জীবিকা, শিক্ষা এবং জীবন যাপনের চাহিদা পূরণে অনেক নারীকে ঘরের বাইরে বের হতে হয়। কিন্তু রাস্তায়, পরিবহনে, উন্মুক্ত স্থানে কিংবা বাজার সব জায়গাতেই নারীরা প্রতিনিয়তই যৌন হয়রানির শিকার হচ্ছেন।
নারীপক্ষ নামে একটি নারী আন্দোলন সংগঠনের সদস্য ফিরদৌস আজিম বলছিলেন, ঢাকায় সব রকমের নিরাপত্তাহীনতায় নারীরা ভোগেন। টিটকারি থেকে শুরু করে শারীরিক হামলা, সব রকমের ঘটনাই ঘটে।
তিনি বলেন, পুরো আবহই এরকম যে, শ্রমজীবী নারী থেকে মধ্যবিত্ত নারী, কেউ একা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অনেক ক্ষেত্রেই এটা শারীরিক বিষয়ের চেয়ে মানসিকভাবে বেশি ভীতিকর হয়ে ওঠে। তবে শুধুমাত্র ঢাকায় নয়, সারাদেশেই নারীরা সমস্যায় রয়েছেন। এটা অনেকটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।
ফিরদৌস আজিম বলছেন, এর ফলে নারীদের অগ্রযাত্রা অনেকাংশে ব্যাহত হচ্ছে। কারণ এ ধরনের ঘটনায় অনেক সময় নারীদের উপর উল্টো দোষ চাপানো হয়। ফলে নারীরাও তাদের সংকুচিত করে রাখেন।
এরকম প্রেক্ষাপটে ‘নারীর জন্য নিরাপদ শহর গড়ার প্রতিশ্রুতি’ নিয়ে উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশসহ ২০টি দেশে প্রচারণার উদ্বোধন করছে আজ।
বিএ/পিআর