অপারেশন থিয়েটারে শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সাময়িক বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৮ মার্চ ২০২৬

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারে (ওটি) এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) এ ঘটনার পর অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের অর্থোপেডিক্স ওটিতে চিকিৎসা নিতে আসা এক শিশুকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, সেখানে কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটির গালে থাপ্পড় মারেন। এ ঘটনায় শিশুটি ও তার অভিভাবক অভিযোগ করেছেন।

শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জি এম নাজমুল হাসানকে ৭ মার্চ ২০২৬ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সই করা পৃথক এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে আরএস ক্যাজুয়ালিটির চিকিৎসক ডা. মো. মাজাহারুল রেজওয়ানকে। সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসইউজে/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।