সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শন, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং আরও দুইজন চিকিৎসক যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় তিনি ক্ষুব্ধ হন।
শনিবার (১৪ মার্চ) সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের নিয়মিত ও মানসম্মত খাবার দেওয়া হচ্ছে কি না সে বিষয়েও খোঁজ নেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির বিষয়টি যাচাই করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং আরও দুইজন চিকিৎসক যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় তিনি ক্ষুব্ধ হন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয়ভাবে শুরু হওয়া মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
এসইউজে/এমআরএম