বিএমইউর নতুন ভিসি হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং সোমবার (৬ এপ্রিল) সকালে প্রথম কর্মদিবস শুরু করেন।
প্রথম কর্মদিবসে উপাচার্য ব্যস্ত সময় পার করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দিনের শুরুতে তার কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় সদ্য সাবেক (অস্থায়ী) উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের যেমন সুনাম আছে, তেমনি নানা সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধান করে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “যার যে দায়িত্ব, সেটি যথাযথভাবে পালন করলেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সুষ্ঠুভাবে কাজ করতে হবে।”
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে নতুন উপাচার্যের নেতৃত্বে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রথম কর্মদিবসে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কোর্স ডিরেক্টর, মেডিকেল অফিসার ও কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। বিভাগীয় চেয়ারম্যানদের তিনি নির্দেশনা দেন— প্রতি মাসে বিভাগীয় কাজের অগ্রগতি মূল্যায়ন করতে হবে এবং বিদ্যমান জনবল সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।
মেডিকেল অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, “চিকিৎসাসেবার মূল ভিত্তি আপনারাই। রোগীদের প্রতি আচরণে চিকিৎসকদের মনোভাব প্রতিফলিত হয়। ব্যক্তিগত সমস্যা যাই থাকুক, রোগীদের হাসিমুখে সেবা দিতে হবে।”
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লিনার থেকে উপাচার্য— সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পালন করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ছয় মাসের মধ্যেই দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনের এক পর্যায়ে উপাচার্য বহির্বিভাগে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কেবিন ব্লকে চিকিৎসাধীন একটি সফল কিডনি প্রতিস্থাপন রোগীর খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে চার বছরের জন্য বিএমইউর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ১৯৮২ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী এবং দীর্ঘ কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইইডিসিআর-এও তিনি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক গবেষণা প্রকাশিত হয়েছে। চিকিৎসা শিক্ষা, ক্লিনিক্যাল সেবা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে বিএমইউর নেতৃত্বে নতুন দায়িত্ব পালন শুরু করলেন।
এসইউজে/এমএএইচ/