দোরগোড়ায় চিকিৎসাসেবা: নহাটায় বদলে যাচ্ছে গ্রামীণ স্বাস্থ্যচিত্র

রহমান মৃধা
রহমান মৃধা রহমান মৃধা
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

বাংলাদেশের গ্রাম এখনও দেশের প্রাণ। কিন্তু এই প্রাণের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর বঞ্চনা, স্বাস্থ্যসেবার অসমতা। শহরের আধুনিক হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, সবকিছু যেন গ্রাম থেকে বহু দূরের বাস্তবতা। ফলাফল, দেরিতে রোগ শনাক্ত হয়, চিকিৎসা ব্যয় বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য জটিলতা জীবন কেড়ে নেয়।

প্রশ্ন হচ্ছে, এই বাস্তবতা কি বদলানো সম্ভব? মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা গ্রামে দাঁড়ালে এই প্রশ্নের উত্তর নতুনভাবে ভাবতে হয়।

সেখানে একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র নিঃশব্দে একটি বড় পরিবর্তনের সূচনা করেছে। গ্রামীণ কল্যাণের উদ্যোগে পরিচালিত এই কেন্দ্রটি শুধু একটি ক্লিনিক নয়, এটি একটি ধারণা, একটি পথ, একটি সম্ভাবনা। এখানে একজন চিকিৎসক, কয়েকজন প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মী, ল্যাব সুবিধা এবং আল্ট্রাসাউন্ডসহ একটি সমন্বিত সেবা কাঠামো গড়ে উঠেছে। কিন্তু এর আসল শক্তি শুধু প্রযুক্তিতে নয়, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায়।

নহাটার স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন গ্রামে গ্রামে যান। বাড়ির দরজায় কড়া নাড়েন। খোঁজ নেন, কার রক্তচাপ বাড়ছে, কে ডায়াবেটিসে ভুগছে, কোন নারী গর্ভবতী, কার চোখে সমস্যা। এই সরল কিন্তু গভীর মানবিক সংযোগই স্বাস্থ্যব্যবস্থাকে মানুষের কাছে নিয়ে আসে।

যখন একটি সমস্যা ধরা পড়ে, তখন রোগীকে কেন্দ্রে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসাউন্ড, চিকিৎসকের পরামর্শ, সবকিছু একই জায়গায়। আর চিকিৎসা শেষ হলেই সম্পর্ক শেষ হয় না। স্বাস্থ্যকর্মীরা আবার সেই বাড়িতে যান, ওষুধের ব্যবহার বোঝান, খোঁজ নেন রোগীর অবস্থার। এই ধারাবাহিক যত্নই আস্থা তৈরি করে, আর আস্থাই একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি।

প্রযুক্তিও এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেলিমেডিসিনের মাধ্যমে দূরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সংযোগ স্থাপন করা যাচ্ছে। স্মার্টফোন এবং ইন্টারনেটের সঠিক ব্যবহার গ্রামীণ স্বাস্থ্যসেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, নহাটা তার বাস্তব উদাহরণ।

jagonews24

এখন এই কেন্দ্রটি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে এগোচ্ছে। একটি আধুনিক অপারেশন থিয়েটার প্রস্তুত, শিগগিরই সেখানে সার্জারি, অ্যানেস্থেসিয়া এবং অপারেশন-পরবর্তী সেবা শুরু হবে। এর মানে, যে রোগীদের আগে শহরে যেতে হতো, তারা এখন নিজের এলাকার মধ্যেই সেবা পাবেন। এতে সময় বাঁচবে, খরচ কমবে এবং অনেক ক্ষেত্রে জীবনও রক্ষা পাবে।

এরই মধ্যে এই হাসপাতালটি গ্রামীণ মানুষের জন্য সাশ্রয়ী খরচে চোখের ছানি (ক্যাটারাক্ট) অপারেশন সেবাও শুরু করেছে। এর ফলে বহু মানুষ, যারা এতদিন অর্থাভাবে বা দূরত্বের কারণে চিকিৎসা নিতে পারেননি, তারা আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা শুধু ব্যক্তিগত জীবন নয়, তাদের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনছে।

নহাটার অভিজ্ঞতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন শুধু ডাক্তার বাড়িয়ে বা হাসপাতাল তৈরি করে সম্ভব নয়। এর জন্য দরকার একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, যেখানে কমিউনিটি স্বাস্থ্যকর্মী, ডায়াগনস্টিক সুবিধা, প্রযুক্তি এবং স্থানীয় আস্থার বন্ধন একসঙ্গে কাজ করে।

তবে এই মডেল বিস্তৃত করতে গেলে কিছু বাস্তব চ্যালেঞ্জের কথাও স্বীকার করতে হবে। অর্থায়ন, মান নিয়ন্ত্রণ, প্রশিক্ষণের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্বচ্ছতা, এসব বিষয় নিশ্চিত না করলে সাফল্য টেকসই হবে না। এখানে সরকারি উদ্যোগ, বেসরকারি সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে কার্যকর অংশীদারত্ব অপরিহার্য।

আজকের বাংলাদেশে, যখন আমরা সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলছি, তখন নহাটার মতো উদাহরণগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা দরকার। এগুলো শুধু একটি গ্রামের গল্প নয়, এগুলো একটি সম্ভাব্য জাতীয় পথনকশা।

গ্রামের ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, আধুনিক প্রযুক্তি ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে একটি নতুন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নহাটা আমাদের দেখাচ্ছে, সেটি কেবল স্বপ্ন নয়, বাস্তবও হতে পারে।

এখানেই লেখাটি শেষ হতে পারতো, কিন্তু তাহলে গল্পটি অসম্পূর্ণই থেকে যেত। কারণ এই নীরব, দূরদর্শী এবং রূপান্তরমুখী যাত্রার পেছনে আছেন এক অসাধারণ মানুষ, যিনি আলো জ্বালান প্রচারের জন্য নয়, মানুষের জন্য। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক নৈতিকতা এবং প্রযুক্তিকে এক সুতোয় গেঁথে তিনি হয়ে উঠেছেন এক প্রজ্ঞাবান, সৃজনশীল ও মানবিক পথপ্রদর্শক।

jagonews24

তিনি দেখিয়েছেন কীভাবে পুষ্টি গড়ে তোলা যায়, কীভাবে প্রযুক্তিনির্ভর টেলিমেডিসিন সেবা গ্রামের দরজায় পৌঁছে দেওয়া সম্ভব, কীভাবে বায়োমেডিক্যাল প্রযুক্তি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করতে পারে। তিনি পথ দেখিয়েছেন, একটি জাতিকে উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থার ভিত্তি কীভাবে নির্মাণ করতে হয় এবং সেই দর্শনকে বাস্তবে রূপ দিতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।

কখনো বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগের সঙ্গে, কখনো সুইডিশ রয়েল টেকনোলজির সহযোগিতায়, কখনো পরিবারের নিবিড় সমন্বয়ে, আবার কখনো একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় তিনি বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন এক অবিচল প্রেরণা হয়ে। তিনি আমাদের সেই বড় ভাই, প্রফেসর ড. মান্নান মৃধা, একজন অনন্য জ্ঞানের ফেরিওয়ালা, যার কর্ম, দর্শন এবং নিষ্ঠা আমাদের জন্য এক উজ্জ্বল পথরেখা। তার কাজ আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তন কখনো কেবল পরিকল্পনায় আসে না, আসে মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে। আসুন, তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত কর্মযাত্রার জন্য আন্তরিক শুভকামনা জানাই।

রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।
[email protected]

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।