কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৫ মে ২০২৬
আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার একটি আধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারও চালু করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। বিশেষ করে কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ব্যয়বহুল চিকিৎসাসেবাও বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এটিকে একটি মাল্টি-কেয়ার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, শুধু একটি নির্বাচনি এলাকা নয়, সারাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

jagonews24

এদিকে বিএনপির ঢাকা-১৭ নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার জানান, কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকায় বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন এরই মধ্যে দৃশ্যমান হয়েছে এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, মো. আব্দুল বারী, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই উদ্যোগকে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার লক্ষ্য হলো আধুনিক ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

এসইউজে/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।